
আন্তজার্তিক ডেস্ক : উত্তর প্রদেশে বিপুল জয়ের ফলে জুলাইয়ে ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপির নিজস্ব প্রার্থী মনোনয়নের সম্ভাবনা অনেকটা বেড়ে গেছে। তা নিয়ে স্বপ্ন দেখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ দলের শীর্ষ নেতারা। পাঁচ রাজ্যের ভোটের ফল বের হওয়ার পর বিজেপি সূত্র বলছে, আরএসএসের সঙ্গে যুক্ত এবং যার বিরুদ্ধে কোনো চার্জশিট নেই- এমন প্রার্থী খোঁজার সময় হয়েছে।
উত্তর প্রদেশ ও উত্তরাখন্ডের বিধানসভা ভোটে বিজেপির বিপুল জয় সরাসরি রাষ্ট্রপতি নির্বাচনের হিসাব-নিকাশ বদলে দিতে পারবে না- এটা সত্য। তবে এই দুই রাজ্যের প্রভাবে রাজ্যসভায় বিজেপির শক্তি যে বাড়বে- তা নিশ্চিত। তবে তা কোনোভাবেই আগামী বছরের আগে নয়। রাজনীতি বিশেষজ্ঞদের ধারণা, এ জয় নরেন্দ্র মোদির রাজনৈতিক কর্তৃত্ব অনেকটাই বাড়িয়ে দিল। তাকে এগিয়ে দিল মনস্তাত্ত্বিকভাবেও। এখন রাষ্ট্রপতি পদে নিজেদের প্রার্থীকে জিতিয়ে আনতে তেমন সমস্যা হবে না বিজেপির জন্য। দলটির পক্ষে নিজেদের প্রার্থীকে সমর্থন দিতে ছোট দলগুলোকে পাশে টানাটা এখন সহজ হবে।
বিধানসভা ভোটে বিজেপি খারাপ ফল করলে রাষ্ট্রপতি পদে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও সর্বসম্মতির ভরসায় থাকতে হতো মোদিকে। বিধানসভার ফল ঘোষণার পর প্রণব মুখার্জির দ্বিতীয় দফায় রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা কার্যত শেষ হয়ে গেল বলেই আশঙ্কা করা হচ্ছে। আবার বাবরি মসজিদ মামলার খাঁড়া ঝুলে থাকায় লালকৃষ্ণ আদভানিও এই দৌড়ে নামতে পারবেন না। এ কথা স্পষ্ট করে দিয়েছে বিজেপি সূত্রই। দলের নেতাদের ঘরোয়া আলোচনায় এরই মধ্যে যাদের নাম উঠে আসছে তাদের মধ্যে রয়েছেন- স্পিকার সুমিত্রা মহাজন, পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, ঝাড়খন্ডের রাজ্যপাল দ্রৌপদী মুর্মুসহ কয়েকজন। তবে চমক দিয়ে একেবারে আনকোরা কাউকেও বেছে নেওয়া হতে পারে শেষ মুহূর্তে। ঠিক যেভাবে ইউপিএ জমানায় প্রতিভা পাতিলকে বসিয়েছিলেন সোনিয়া গান্ধী।
নির্বাচন প্রক্রিয়া : ইলেকটোরাল কলেজ ভোটে নির্বাচিত হন ভারতের রাষ্ট্রপতি। লোকসভা ও রাজ্যসভার ৭৭৬ সদস্য, ৪ হাজার ৪২০ বিধানসভা সদস্য বা এমএলএসহ মোট ১০ লাখ ৯৮ হাজার ৮৮২ টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। এদের অর্ধেকের চেয়ে এক ভোট বেশি পেয়ে নির্বাচিত হন রাষ্ট্রপতি। সে জন্য পৃথিবীর বৃহত্তম গনতান্ত্রিক দেশের রাষ্ট্রপতি হওয়ার জন্য মোট ৫ লাখ ৪৯ হাজার ৪৪২ ভোট দরকার।যদিও বর্তমানে বিজেপি জোট এনডিএ ২৫ হাজার ভোটের টানে রয়েছে। তবে তাদের প্রতি মৌন সমর্থন রয়েছে এমন দলগুলো যেমন- বিজু জনতা দল, এআইএডিএমকে বিজেপিকে সমর্থন দিলেই ভোটের এই ঘাটতি সহজেই পূরণ করা সম্ভব বলে ধারনা রাজনৈতিক বিশ্লেষকদের ।