
নিউজ ডেস্কঃ সাঁতার কেটে মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর যাওয়ার পথে ৪বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। সিঙ্গাপুরে অবৈধভাবে প্রবেশ করতে চাওয়ায় মালয়েশিয়ার পুলিশ কোস্ট গার্ড (পিসিজি) তাদের আটক করে। সানগেই তুয়ান সমুদ্রে স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয়। আটককৃতদের বয়স ২৫ থেকে ৪২ বছরের মধ্যে। আজ বুধবার সিঙ্গাপুর পুলিশ ফোর্স (এসপিএফ) এবং ইমিগ্রেশন ও চেকপয়েন্ট অথরিটি (আইসিএ) এক যৌথ বিবৃতিতে এসব তথ্য জানায়।
তাদের দেখেই জল ও স্থলে আরো পুলিশ মোতায়েন করা হয় এবং ওই ৪ব্যক্তিকে রুদ্ধ করে আটক করা হয়। এখনও এই বিষয়ে তদন্ত চলছে। তবে আইসিএ এবং পিসিজি বলছে, অবৈধভাবে সিঙ্গাপুরে ভিসার তুলনায় বেশিদিন থাকলে, প্রবেশ করতে চাইলে বা সিঙ্গাপুর থেকে বেরিয়ে যেতে চাইলে তারা খুবই কঠোর পদক্ষেপ গ্রহণ করেন।
উল্লেখ্য যারা অবৈধভাবে সিঙ্গাপুরে বেশিদিন থাকেন বা প্রবেশ করে তার ৬মাস পর্যন্ত জেলে থাকতে হয় এবং ৩বার বেত্রাঘাত খেতে হয়। আর অবৈধভাবে সিঙ্গাপুর থেকে বেরোতে চাইলে ছয় মাসের জেল এবং ২০০০ ডলার জরিমানা দিতে হয়। এসপিএফ এবং আইসিএ জানিয়েছে, চেকপয়েন্টগুলোতে এবং সিঙ্গাপুরের পানিপথের বর্ডারগুলোতে এখন যাত্রী ও যানবাহনগুলোর উপরে চেকিং আরো বাড়ানো হবে, যাতে কেউ কোনো ধরণের মানুষ, ড্রাগ, অস্ত্র, বিষ্ফোরক বা অন্য কোনো কিছু পাচার করতে না পারে।