
আন্তজার্তিক ডেস্ক : ভারতের অসম রাজ্যের জনপ্রিয় মুসলমান গায়িকা নাহিদ আফরিনকে (১৬) গান বন্ধ করার জন্য ফতোয়া জারি করেছেন মুসলিম আলেমরা। ফতোয়ায় গানের মাধ্যমে শরিয়ত ও ইসলামবিরোধী প্রচারণার অভিযোগ এনে তাঁকে গান বন্ধ করতে বলা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ৪৬ জন আলেম শিল্পী নাহিদকে প্রকাশ্যে গান বন্ধ করার দাবি তুলেছেন। আগামী ২৫ মার্চ আসাম রাজ্যের লঙ্কা এলাকার উদালি সোনাই বিবি কলেজে একটি অনুষ্ঠানে গান গাওয়ার কথা রয়েছে নাহিদ আফরিনের।
সেই অনুষ্ঠান বাতিলের দাবি জানিয়ে আলেমরা বলেছেন, ওই অনুষ্ঠান মঞ্চের খুব কাছেই মসজিদ। এ ছাড়া কবরস্থানও রয়েছে। তাই ধর্মীয় স্থানের এত কাছে থেকে একজন মুসলিম নারীর গান গাওয়া ধর্মবিরোধী। যে কারণে এই ফতোয়া জারি করা হয়েছে। নাহিদ আফরিনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি নাকি জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ও গোঁড়া মুসলিমদের বিপক্ষেও গান তৈরি করেন।
এ বিষয়ে সংগীত শিল্পী নাহিদ আফরিন বলে, ‘এ ঘটনায় আমি বিস্মিত। আমি ফতোয়া শুনে বাকরুদ্ধ হয়ে গেছি। মনে করি, আমার গান গাওয়ার ক্ষমতা স্বয়ং ওপরওয়ালা আমাকে দিয়েছেন। সেটা কেউ কেড়ে নিতে পারে না। আমি গান গাইবই।’ এদিকে, এ ঘটনায় অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল সংগীতশিল্পী নাহিদ আফরিনের পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেন, ‘কোনো গোষ্ঠী বা ব্যক্তি দ্বারা একজন শিল্পীর ওপর ফতোয়া জারির বিষয়টি মেনে নেওয়া যায় না। নাহিদের সঙ্গে আমার কথা হয়েছে। নাহিদকে সরকার সব রকম সুরক্ষা দেবে।’
উল্লেখ্য, ২০১৫ সালে একটি টেলিভিশন রিয়্যালিটি শোর মাধ্যমে জনপ্রিয়তা পান নাহিদ আফরিন। ২০১৬ সালে সোনাক্ষি সিনহা অভিনীত ‘আকিরা’ সিনেমাতেও গান গেয়ে জনপ্রিয়তা পান।