News71.com
 International
 18 Mar 17, 05:57 PM
 276           
 0
 18 Mar 17, 05:57 PM

ইউরোপে বসবাসরত তুর্কিদের পাঁচটি করে সন্তান নিতে বললেন তুরস্কের প্রেসিডেন্ট..........

ইউরোপে বসবাসরত তুর্কিদের পাঁচটি করে সন্তান নিতে বললেন তুরস্কের প্রেসিডেন্ট..........

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপের বিভিন্ন দেশে বসবাসকারী তুর্কিদের পাঁচটি করে সন্তান নেওয়ার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তুরস্কের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর চলমান কূটনৈতিক উত্তেজনার মধ্যে গতকাল শুক্রবার এ আহ্বান জানালেন এরদোয়ান। এসময় তিনি তুর্কিরা ইউরোপ মহাদেশের ‘ভবিষ্যৎ’ বলেও উল্লেখ করেন । আজ শনিবার ভারতের এনডিটিভি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

সংসদীয় ব্যবস্থা থেকে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তনের জন্য আগামী মাসে তুরস্কে গণভোট অনুষ্ঠিত হবে। এ গণভোটকে এরদোয়ানের ক্ষমতা বাড়ানোর উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। তুরস্কের ভেতরে ও বাইরে বসবাসকারী তুর্কিরা এ গণভোটে অংশ নেবেন। এ উপলক্ষে নেদারল্যান্ডস ও জার্মানিতে গণভোটের পক্ষে সমাবেশ চালানোর উদ্যোগ নেয় এরদোয়ান সরকার। কিন্তু তাকে বাধা দেওয়ায় এই দুই দেশের সঙ্গে কূটনৈতিক বাগযুদ্ধে জড়িয়ে পড়েন এরদোয়ান ও তার সরকার। এই বাগযুদ্ধে জড়িয়ে পড়ে ইইউ। এরদোয়ান বারবার অভিযোগ করেছেন, ইইউ দেশগুলোর আচরণ নাৎসি আমলের জার্মানির মতো। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় ইইউ।

ইউরোপে বসবাসকারী তুর্কিদের উদ্দেশ্যে এরদোয়ান বলেন, ‘আজ থেকে আমার নাগরিকদের বলছি, ইউরোপে থাকা আমার ভাইবোনদের বলছি, যথাসম্ভব ভালো স্কুলে সন্তানদের পড়ান, নিশ্চিত করুন আপনার পরিবার ভালো এলাকায় বসবাস করছে, সবচেয়ে ভালো গাড়ি ব্যবহার করুন। সবচেয়ে ভালো বাড়িতে বাস করুন।’

বেশি সন্তান নেওয়ার প্রতি গুরুত্বারোপ করে এরদোয়ান বলেন, ‘তিনটি নয়, পাঁচটি সন্তান নিন। আপনারাই ইউরোপের ভবিষ্যৎ।’ ইউরোপে বসবাসকারী ২৫ লাখ তুর্কি গণভোটে অংশ নিতে পারবে। কিন্তু এর চেয়েও কয়েক লাখ বেশি তুর্কি ইউরোপের বিভিন্ন দেশে বসবাস করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন