
আন্তর্জাতিক ডেস্কঃ পূর্ব আফগানিস্তানের নাঙ্গারহার প্রদেশে গোপন জঙ্গি আস্তানায় ড্রোন থেকে ফেলা বিমান হামলায় ২৬ আইএস জঙ্গি নিহত হয়েছে। প্রাদেশিক পুলিশের এক মুকপাত্র মঙ্গলবার এ কথা জানান। হজরত হুসাইন মাশরিকোয়াল জানান, গতকাল সোমবার চালকবিহীন বিমান থেকে জঙ্গি আস্তানায় চালানো বোমা হামলায় আচিন জেলায় ২৪ জন এবং নাজিয়ান জেলায় ২ জন জঙ্গি প্রাণ হারায়।
আফগানিস্তানে অবস্থানরত মার্কিন সামরিক বাহিনী সাধারণত সংঘাত-দীর্ণ আফগানিস্তানে জঙ্গিদের লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়ে থাকে। আফগান রাজধানী কাবুল থেকে প্রায় ১২০ কিলোমিটার পূর্বে অবস্থিত নাঙ্গারহার প্রদেশে সক্রিয় আইএস জঙ্গিদের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি।