
আন্তর্জাতিক ডেস্কঃ হুট করেই গত ১৫ মার্চ ব্যক্তিগত কারণ দেখিয়ে আইসিসির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাবেক সভাপতি শশাঙ্ক মনোহর। কিন্তু নাটকীয়তার এখনও অনেক বাকী। সেই ঘটনার ৮ দিন পর আজ শুক্রবার আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, শশাঙ্ক নাকি সিদ্ধান্ত পাল্টে আবার স্বপদে ফিরতে যাচ্ছেন। আইসিসির গবর্নিং বডির বিশেষ অনুরোধে এই সিদ্ধান্ত পাল্টেছেন শশাঙ্ক। আইসিসির চলমান অর্থনৈতিক এবং ক্রিকেট কাঠামোগত সংস্কার প্রক্রিয়া যাতে বাধাগ্রস্ত না হয় সেজন্য পদত্যাগপত্র ফিরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এ ব্যাপারে এক প্রেস বিজ্ঞপ্তিতে শশাঙ্ক মনোহর বলেছেন, আমি তাদের এই অনুরোধকে সম্মান জানাই। তারা আমার প্রতি যে আস্থা দেখিয়েছেন, তার প্রেক্ষিতে আমি পদত্যাগপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি। আইসিসির গঠনতন্ত্র অনুযায়ী পুর্ণ মেয়াদে চেয়ারম্যানের দায়িত্ব পালনের জন্য আমি এখন প্রস্তুত।
তিনি আরও বলেছেন, ক্রিকেটে সব দেশের সমান সুযোগ পাওয়ার বিষয়ে যে কাজে আমি হাত দিয়েছিলাম তা সবাইকে নিয়ে সম্পন্ন করব। উল্লেখ্য, ২০১৬ সালের মে মাসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির প্রথম স্বাধীন চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন মনোহর। তার নেতৃত্বেই আইসিসির 'তিন মোড়ল' নীতির বাতিল হওয়ার প্রক্রিয়া শুরু হয়। এতে তার নিজের দেশ ভারত তার ওপর ক্ষুব্ধ ছিল। ২ বছরের মেয়াদে নির্বাচিত হলেও এক বছর না পেরোতেই পদত্যাগের ঘোষণা দেন মনোহর। পদত্যাগের পর রটে যায় ভারতীয় ক্রিকেট বোর্ডের চাপেই নাকি তার এই সিদ্ধান্ত ছিল! এখন তার এই সিদ্ধান্ত পরিবর্তনের বিষয়টি আবার কোন নাটকের জন্ম দেয় তা দেখার বিষয়!