
নিউজ ডেস্ক : মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে সাউন্ডক্লাউড অ্যাকাউন্টে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 'মন কি বাত’ নামের এই সাউন্ডক্লাউড অ্যাকাউন্টে আজ ২৬ মার্চ (রবিবার) দুপুর ১২ টার দিকে বার্তাটি পোস্ট করা হয়।
হিন্দিতে দেওয়া এই বার্তায় নরেন্দ্র মোদী বলেন- ‘আজ ২৬ মার্চ। এই দিন বাংলাদেশের স্বাধীনতা দিবস। অন্যায়ের বিরুদ্ধে এক ঐতিহাসিক লড়াইয়ের দিন। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের জনগণের এক অভূতপূর্ব বিজয়ের দিন। আজ এই মাহত্মপূর্ণ দিনে আমি বাংলাদেশের জনগণের স্বাধীনতা দিনের অনেক শুভকামনা জানাই। আর এই কামনা করছি বাংলাদেশ আরও এগিয়ে যাক, আরও বিকশিত হোক। আর বাংলাদেশের মানুষকে আমি এই আস্থা দিতে চাই যে, ভারত বাংলাদেশের অনেক শক্তিশালী সাথী, ও ভালো বন্ধু। আর আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই পুরো অঞ্চলের শান্তি সুরক্ষা ও বিকাশে আমাদের সহযোগিতা অব্যাহত রাখবো।’
এছাড়াও বাংলাদেশকে শুভেচ্ছা জানাতে টুইটও করেছেন তিনি। টুইট বার্তায় তিনি জানান, ভারত বাংলাদেশের বন্ধুত্ব ধ্রুবতারার মতো।এছাড়াও তিনি বাংলাদেশ সরকারের উন্নয়ন প্রার্থনা করেন। বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাই কমিশনারের অফিস থেকে এসব তথ্য জানানো হয়।