
আন্তজার্তিক ডেস্ক : চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশের ইয়ংবি কাউন্টিতে ৫.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (২৭ মার্চ) সকাল স্থানীয় সময় ৭ টা ৫৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। চায়না ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার (সিইএনসি) জানিয়েছে, ভূমিকম্পটির প্রাণকেন্দ্র ছিল প্রায় ১২ কিলোমিটার গভীরে।
কেন্দ্রটি আরো জানায়, ৫.১ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানার আগে ও পরে একই এলাকায় ৩ থেকে ৪.৭ মাত্রার আরো চারটি কম্পন হয়।ইয়াংবির গণসংযোগ কর্মকর্তা ওয়াং সিয়াজুন জানান, ভূমিকম্পটির প্রাণকেন্দ্র ছিল কাউন্টির আজিয়া ও পুলিং গ্রামে। সেখানে কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দমকল ও চিকিৎসা কর্মীরা গ্রামগুলোর দিকে যাচ্ছে বলে জানা গেছে ।তবে এতে এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।