News71.com
 International
 02 Dec 18, 05:32 AM
 132           
 0
 02 Dec 18, 05:32 AM

ইসরায়েলকে গোলান মালভূমি ত্যাগের আহ্বান জানিয়ে জাতিসংঘে রেজুলেশন  

ইসরায়েলকে গোলান মালভূমি ত্যাগের আহ্বান জানিয়ে জাতিসংঘে রেজুলেশন   

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলকে সিরিয়ার গোলান মালভূমি ত্যাগ করার আহ্বান জানিয়ে একটি রেজুলেশন অনুমোদন করেছে জাতিসংঘের সাধারণ সভা। জাতিসংঘের সাধারণ সভার আজ শনিবারের সেশনে ৯৯ ভোটে এই রেজুলেশন অনুমোদন পায়। এর বিরুদ্ধে ভোট পড়ে ১০টি। ভোট দেয়া থেকে বিরত ছিল ৬৬টি দেশ। তবে এই রেজুলেশনকে ইসরায়েল-বিরোধী পক্ষপাত উল্লেখ করেছেন জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূত নিকি হ্যালি। তিনি ঘোষণা করেন, ওয়াশিংটন এই রেজুলেশন প্রত্যাখ্যান করার পরিকল্পনা করছে। এই রেজুলেশনে গোলান মালভূমিতে ইসরায়েলের তৎপরতা বাড়ানোর সিদ্ধান্তকে বাতিল বলে ঘোষণা করা হয়েছে। এছাড়া কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই ভূখণ্ড থেকে ইসরায়েলকে সরে আসা উচিত বলে উল্লেখ করা হয়েছে।


জাতিসংঘে সিরিয়ার স্থায়ী প্রতিনিধিদলের ভারপ্রাপ্ত চার্জ ডি’অ্যাফেয়ার্স মুনজের অভিযোগ করে বলেন, আমাদের ভূমির একটি মূল্যবান অংশ দখল করেছে ইসরায়েল এবং তাদের দখলদারিত্বের ভুক্তভোগী হচ্ছে সিরিয়ার জনগণ। গত নভেম্বরের মাঝামাঝি সময় সিরিয়ার গোলান সীমান্তে ইসরায়েলের সামরিকীকরণ এবং মানবিক সঙ্কট বিষয়ক রেজুলেশনকে ইসরায়েল-বিরোধী পক্ষপাত উল্লেখ করে এর বিরুদ্ধে ভোট দেয়ার ইঙ্গিত দেন নিকি হ্যালি। তবে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বল্টন তার বক্তব্যে বলেন, গোলান মালভূমিতে ইসরায়েলে দখলদারিত্বের কোনও ধরনের সম্ভাব্য স্বীকৃতি দেয়ার জন্য আলোচনা করছে না ট্রাম্প প্রশাসন। উল্লেখ্য, ১৯৬৭ সালে মিশর, জর্দান ও সিরিয়ার বিরুদ্ধে ছয়দিনব্যাপী যুদ্ধ শেষে গোলান মালভূমির নিয়ন্ত্রণ নেয় ইসরায়েল। জাতিসংঘ কখনোই এই অঞ্চলে ইসরায়েলের সার্বভৌমত্ব স্বীকার করেনি। বরং ১৯৭৪ সালে সিরিয়াল-ইসরায়েলি যুদ্ধবিরতির মধ্যস্থতা করে ইসরায়েলকে গোলান মালভূমি ত্যাগ করার আহ্বান জানায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন