News71.com
 International
 03 Dec 18, 05:02 AM
 214           
 0
 03 Dec 18, 05:02 AM

শুরু হয়েছে বিশ্ব জলবায়ু সম্মেলন

শুরু হয়েছে বিশ্ব জলবায়ু সম্মেলন

আন্তর্জাতিক ডেস্কঃ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জোরালো হওয়ার মধ্যে দিয়ে গতকাল রবিবার পোল্যান্ডে শুরু হয়েছে এ সংক্রান্ত বৈশ্বিক সম্মেলন। এতে যোগ দিয়েছেন প্রায় ১৮৩টি দেশের প্রতিনিধি। জীবাশ্ম জ্বালানি ব্যবহার সীমিত করতে ২০১৫ সালে অনুষ্ঠিত সম্মেলনে গৃহীত পদক্ষেপগুলো এবার তাদের অনুসমর্থন করতে হবে। এবারে পোল্যান্ডের কাতোভিতসা শহরে সম্মেলনটি শুরু হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমিত করতে যেসব পদক্ষেপ বাস্তবায়ন করা দরকার এখন পর্যন্ত সেগুলো নিয়ে প্রভাবশালী দেশগুলোর মধ্যে রাজনৈতিক সমঝোতা অধরা। একদিকে দরিদ্র দেশগুলো চাইছে, ধনী দেশগুলোর বর্ধিত অংশগ্রহণ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের মতো ধনী দেশ চুক্তি থেকে বেরিয়েই গেছে, যদিও তা কার্যকর হবে ২০২০ সালে। যুক্তরাষ্ট্রকে অনুসরণ করার ঘোষণা দিয়ে রেখেছে ব্রাজিলের মতো দেশ। তিন বছর আগে প্যারিসে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে অংশ নেওয়া দেশগুলো বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির পরিমাণকে ২ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখার বিষয়ে বিষয়ে একমত হয়েছিল। সেখানে নির্ধারিত হয়েছিল, দেশগুলো সম্ভব হলে তাপমাত্রা বৃদ্ধির পরিমাণকে ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ধরে রাখার চেষ্টা করবে। গত তিন বছরে এসব লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ জোরদার করা তো দূরে থাক বরং পদক্ষেপগুলো নিয়ে রাজনৈতিক বিভেদ আরও বেড়েছে। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির প্রভাবেই বিশ্বজুড়ে দেখা দিয়েছে নানান প্রাকৃতিক বিপর্যয়। একদিকে যেমন দেখা যাচ্ছে দাবানল, অন্যদিকে তেমন দেখা দিচ্ছে হ্যারিকেন। পরিস্থিতি এতটাই সঙ্গিন যে জলবায়ু পরিবর্তনের ওপর আগে অনুষ্ঠিত সম্মেলনগুলোর সাবেক সভাপতিরা এক যৌথ বিবৃতিতে, দ্রুত পদক্ষেপগুলো বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। বিবৃতির ভাষ্য, যত দিন যাচ্ছে, জলবায়ু পরিবর্তনের প্রভাব ততই স্পষ্ট হয়ে উঠছে। আমাদের অর্থনীতি এবং সমাজ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন। দেশগুলোর মতদ্বৈততার মূল বিষয় হয়ে দেখা দিয়েছে, জলবায়ু পরিবর্তনের প্রভাব ঠেকাতে যেসব পদক্ষেপ প্রস্তাব করা হয়েছে সেগুলোর বাস্তবায়নের জন্য অর্থায়ন হবে কীভাবে তা নিয়ে। বিশ্বের দরিদ্র দেশগুলোর দাবি, যেহেতু বর্তমান বিশ্বের শক্তিশালী দেশগুলোই ঐতিহাসিকভাবে সবচেয়ে বেশি কার্বন নিঃসরণের জন্য দায়ী, সেহেতু তাদেরই উচিত সার্বিকভাবে বিশ্বের তাপমাত্রা বৃদ্ধিকে নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় অর্থের যোগান দিয়ে দরিদ্র দেশগুলোকে সহায়তা করা। এর জবাবে যুক্তরাষ্ট্রের মতো দেশগুলো মনে করে, প্যারিস অ্যাকর্ডের শর্ত মেনে নিলে তাদের অর্থনীতি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হবে। তবে প্রেসিডেন্টের সিদ্ধান্ত উপেক্ষা করে যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যের গভর্নররা প্যারিস অ্যাকর্ড সমর্থন করে যাচ্ছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন