
আন্তর্জাতিক ডেস্কঃ অবরুদ্ধ গাজা উপত্যকায় অবকাঠামো নির্মাণের জন্য ফিলিস্তিনিদের জন্য ২০ মিলিয়ন ডলার অনুদান দিয়েছে সৌদি আরব। এছাড়া জাতিসংঘের ফিলিস্তিনি সহায়তা বিষয়ক সংস্থায় আরও ৫০ মিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তারা। ১৯৬৭ সালের আরব যুদ্ধের পর থেকে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে রেখেছে। পূর্ব জেরুজালেমকে নিজেদের অবিভাজ্য রাজধানী বলে দাবি করে থাকে ইসরায়েল। অবশ্য আন্তর্জাতিক সম্প্রদায় পূর্ব জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়নি।
১৯৬৭ সালের পর পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ১শরও বেশি বসতি স্থাপন করেছে ইসরায়েল। পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে স্থাপিত প্রায় ১৪০টি বসতিতে ৬ লাখেরও ইসরায়েলি বসবাস করে। আন্তর্জাতিক আইনের আওতায় এ বসতি স্থাপনকে অবৈধ বলে বিবেচনা করা হলেও ইসরায়েল তা মানতে চায় না। এই সহায়তায় সৌদি আরবকে ধন্যবাদ জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। দেশটির আবাসন মন্ত্রী মফিদ আল-হাসায়েনহ বলেন, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও প্রধানমন্ত্রী রামি আব্দুল্লাহর হয়ে সৌদি বাদশা সালমান বিন আবদেল আজিজকে ধন্যবাদ জানাতে চাই। চলতি বছর জাতিসংঘের ফিলিস্তিনি সংস্থায় সহায়তা কমিয়ে দেয় যুক্তরাষ্ট্র। তারাই আগে সবচেয়ে বেশি সহায়তা করতো।