
আন্তর্জাতিক ডেস্কঃ প্রথমবার জয় এসেছিল পৃথক রাজ্যের জন্য তেলেঙ্গানা আবেগে ভর করে৷ এবার ভোট হয় উন্নয়নের নিরীখে৷ ফলে লড়াইটা ছিল বেশ কঠিন৷ কিন্তু সেই বাঁধা অতিক্রম করে বিপুল ভোটে জয় নিয়ে ফের তেলেঙ্গানার মসনদে টিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাও৷ সূত্রের খবর শুভ কাজ আর ফেলে রাখতে রাজি নন তিনি৷ আগামীকাল বৃহস্পতিবারই দ্বিতীয়বারের মতো তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন কেসিআর৷ চন্দ্রশেখরের জনপ্রিয়তার কাছে ধুয়ে গিয়েছে কংগ্রেস টিডিপি জোট প্রজাকুটুমি৷ এই ফলাফলের পর অনেক কংগ্রেস নেতাই বলছেন একা লড়লে এর চেয়ে ভালো ফল হতেই পারতো৷
তবে জানা গেছে কংগ্রেস ও টিডিপি উভয় নেতৃত্বই দাবি করছেন অতি অল্প সময় এই জোট হয়েছে৷ যার জেরেই এই হার৷ রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, স্বজনপোষণ, দুর্নীতির অভিযোগ ছিল কেসিআরের বিরুদ্ধে৷ কিন্তু ফের একবার উন্নয়নের নীরিখেই তেলেঙ্গানাবাসী ভোট দিয়েছেন টিআরএসকে৷ ভোটের ফলাফল প্রকাশ হতেই তেলেঙ্গানাজুড়ে গোলাপি আবিরের রমরমা৷ ১১৯টির মধ্যে ৮৮টি বিধানসভাই যায় তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির প্রার্থীদের দখলে৷ জনপ্রিয়তা এতটাই যে গাজেওয়াল কেন্দ্র থেকে কেসিআর জিতেছেন ৫০ হাজারের বেশি ভোটের ব্যবধানে৷ জোট পায় ২১টি আসন৷ কোনও মতে একটি আসনে জিতে খাতা খুলেছে বিজেপি৷ এ আই এম আই এমের দখলে ৭টি৷ সেমিফাইনাল বুঝিয়ে দিল দক্ষিণের এই রাজ্যে একক কর্তত্ব রয়েছে টিআরএসের৷