
আন্তর্জাতিক ডেস্কঃ নাইজেরিয়ার বর্নো প্রদেশের মাগুমেরি এলাকায় চরমপন্থী সন্ত্রাসী সংগঠন বোকো হারামের হামলায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। গতকাল বুধবার তেল অনুসন্ধান দলের ওপর এ হামলা চালায় ওত পেতে থাকা বোকো হারামের সদস্যরা। জানা গেছে, নাইজেরিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নাইজেরিয়ান ন্যাশনাল পেট্রোলিয়াম করপোরেশনের (এনএনপিসি) বিশেষজ্ঞ দলের ওপর এ হামলা চালায় বোকো হারাম সন্ত্রাসীরা। এতে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে ওত পেতে হামলা চালানোর বিষয়টিকে অপহরণচেষ্টা মনে করা হচ্ছিল। কিন্তু পরবর্তী সময়ে এটি হামলা হিসেবে নিশ্চিত হওয়া গেছে।
নাইজেরিয়ার বর্নো প্রদেশে প্রবেশের ওপর কড়াকড়ি রয়েছে নাইজেরিয়ার সেনাবাহিনীর। এর ফলে হামলার বিষয়ে বিস্তারিত কিছু জানা যাচ্ছে না। বর্নো প্রদেশকেন্দ্রিক গোষ্ঠী বোকো হারামের সঙ্গে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ শুরু হয় ২০০৯ সালে। এর পর থেকে সংঘর্ষে নিহত হয়েছে কমপক্ষে ২০ হাজার মানুষ। এ ছাড়া বাড়িছাড়া হয়েছে ২৬ লাখের বেশি মানুষ। গতকাল বুধবারের ঘটনার বিষয়ে নাইজেরীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, হামলায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন।