
আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকাতে চোরাগোপ্তা হামলায় ১০ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবারের এ ধরনের আরেকটি হামলার ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৯ জন। বুরকিনা ফাসোর নিরাপত্তাবিষয়ক মন্ত্রণালয় খবরটি জানিয়েছে। মালি সীমান্তের কাছে লোরোনি গ্রামে অস্ত্রধারীদের হামলা হওয়ার খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার সেখানে যাচ্ছিলো পুলিশের একটি বহর। পথে তাদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। বুরকিনা ফাসোর নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ক্লিমেন্ট সোয়াদোগো জানান, পুলিশের ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে আসার সময় প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর একটি গাড়ি বহরের ওপরও বিস্ফোরক নিক্ষেপ করা হয়। তবে এ ঘটনায় কেউ নিহত হয়নি। সামনের গাড়িতে থাকা চার কর্মকর্তার মধ্যে তিনজন আহত হয়েছেন। এর মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। আহতদেরকে দেদোগো এলাকার হাসপাতালে নেওয়া হয়েছে।
ক্লিমেন্ট সোয়াদোগো আরও জানিয়েছেন, ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। গত তিন বছরে বুরকিনা ফাসোতে বেশ কিছু হামলা হতে দেখা গেছে। শুরুতে দেশটির উত্তরাঞ্চলে হামলা হলেও এখন তা টোগো ও বেনিন সীমান্তে ছড়িয়ে পড়েছে। গত বুধবার সোলান শহরে একটি পুলিশ স্টেশনে হামলায় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে।বেশিরভাগ হামলার জন্য সশস্ত্র গোষ্ঠী আনসারুল ইসলাম ও জেএনআইএম-কে দায়ী করা হয়ে থাকে। ধারণা করা হয়, ২০১৫ সাল থেকে আড়াইশোরও বেশি মানুষের মৃত্যুর জন্য এ সংগঠনগুলো দায়ী।