
আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর থেকে দেশটির বিপুলসংখ্যক শরণার্থী লেবাননে চলে গিয়েছে। তবে লেবাননে শরণার্থীদের জন্য বেশ কিছু সমস্যা হওয়ায় তাদের সিরিয়ায় ফেরাতে চায় দেশটি। সম্প্রতি লেবাননের প্রেসিডেন্ট মিচেল আউন সিরিয়ান শরণার্থীদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে বিশ্ব নেতাদের সবধরনের সহযোগিতার আহ্বান জানিয়েছেন। গতকাল রবিবার লেবাননের রাজধানী বৈরুতে আরব অর্থনৈতিক কনফারেন্সের উদ্বোধনী ভাষণে তিনি সিরিয়া সমস্যা সমাধানের ও শরণার্থী ফেরানোর আহ্বান জানান। সিরিয়ার গৃহযুদ্ধ ও লেবাননের অভ্যন্তরীণ হানাহানির কারণে লেবানেনর অর্থনৈতিক অবস্থার বেশ অবনতি হয়েছে বলে জানান লেবাননের প্রধানমন্ত্রী। ২০১১ সালে শুরু হওয়া সিরিয়ার গৃহযুদ্ধের কারণে ১০ লাখের বেশি সিরিয়ান শরণার্থী এখন লেবাননে অবস্থান করছে। যাদের অধিকাংশই গৃহহীন অবস্থায় মানবেতর জীবনাপন করছে।