
আন্তর্জাতিক ডেস্কঃ ভারী বর্ষণে সৌদি আরবে সৃষ্ট ব্যাপক বন্যায় ভেসে গেছে মদিনার রাস্তা। শহরের বড় বড় রাস্তা ও স্কুল বন্ধ করে দেয়া হয়েছে। গতকাল সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে এসব কথা জানিয়েছে আরব নিউজ। এতে বলা হয়েছে, মদিনার প্রধান রিং রোডগুলোর একটি রোডের শাখাগুলো পানিতে ভেসে গেছে। এর ফলে কার ও মোটরসাইকেল চালকদের চলাচলে বিঘ্ন ঘটছে। দেশটির সিভিল ডিফেন্স জানিয়েছে, তারা তাবুক ও আল-জউফ থেকে ৬৫ জন এবং দুবার পশ্চিমাঞ্চল থেকে ৩৭ জন বন্যাকবলিত মানুষকে উদ্ধার করেছে।
তাবুক, আরার ও আল-জউফের স্কুলগুলো গতকাল সোমবার বন্ধ ঘোষণা করা হয়। গত রবিবার শুরু হওয়া ভারী বৃষ্টিপাত ও ধূলিঝড় অব্যাহত ছিল গতকাল সোমবারেও। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির উত্তর-পশ্চিম অঞ্চলটি। এসময় জনগণকে গাড়ি চালানো থেকে বিরত থাকাসহ সর্বোচ্চ পূর্বসতর্কতা অবলম্বনের জন্য বলেছে সিভিল ডিফেন্স। সিভিল ডিফেন্সের মুখপাত্র মেজর মোহাম্মেদ আল-হাম্মাদি আরব নিউজকে বলেন, রিয়াদ, মক্কা, নর্দার্ন বর্ডার রিজিওন, হাইল, তাবুক, কাসিম, মদিনা, ইস্টার্ন প্রভিন্স, আসির, জাজান এবং আল-জউফের মানুষ অস্থিতিশীল আবহাওয়া মোকাবেলা করছে।