
আন্তর্জাতিক ডেস্কঃ ভেনিজুয়েলা গতকাল বুধবার জার্মানীর রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে। তিনি বিরোধী দলীয় নেতা জুয়ান গুয়াইদোকে সমর্থন দেয়ায় এ পদক্ষেপ নেয়া হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে পদত্যাগে বাধ্য করতে দেশটির বিরুদ্ধে অবরোধ জোরদার করেছে। পৃথক ঘটনায় ভেনিজুয়েলার নিরাপত্তা সংস্থার সদস্যরা এক মার্কিন সাংবাদিককে প্রায় ১২ ঘন্টা আটকে রাখার পর দেশ থেকে বহিষ্কার করেছে। ভেনিজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের কারণে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জার্মানীর রাষ্ট্রদূত ডেনিয়েল ক্রিয়েনারকে দেশত্যাগের জন্য ৪৮ঘন্টা সময় বেঁধে দিয়েছে।
গত সোমবার গুয়াইদো দেশে ফিরলে কারাকাস বিমানবন্দরে ডেনিয়েল তাকে স্বাগত জানান। তার এই বহিষ্কার আদেশ গুয়াইদোর আন্তর্জাতিক সমর্থকদের প্রতি একটি কড়া জবাব হিসেবে মনে করা হচ্ছে। এই ঘটনার প্রতিক্রিয়া গুয়াইদো বলেছেন, ডেনিয়েলের এই বহিষ্কারকে অবাধ বিশ্বের প্রতি হুমকি হিসেবে দেখা হবে। তিনি মানবিক সহায়তা দেশে আনতে সহায়তার চেষ্টা করেছিলেন। গুয়াইদো বিরোধী দলীয় আইন প্রণেতাদের সামনে দেয়া এক বক্তব্যে বলেন, মনে হচ্ছে যারা ভেনিজুয়েলাকে সহায়তা করতে চাইচ্ছে মাদুরো সরকার তাদের কাউকে ক্ষমা করবে না। জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস বলেন, ডেনিয়েলকে বহিষ্কার পরিস্থিতিকে আরো ঘোলাটে করবে। ভেনিজুয়েলার বিশ্লেষক মারিয়ানো ডি আলবা বলেন, কারাকাস আন্তর্জাতিক সম্প্রদায়কে এই বার্তা দিচ্ছে যে বিরোধী দলের প্রতি এই ধরনের প্রকাশ্য সমর্থন দিলে পরিণাম ভোগ করতে হবে। তবে এতে কারাকাসও ঝুঁকিতে পরে যাচ্ছে।