
আন্তর্জাতিক ডেস্কঃ আন্তর্জাতিক চাপের কাছে নতি স্বীকার করল পাকিস্তান৷ নিষিদ্ধ করার পর জামাত-উদ-দাওয়ার সদর দফতর দখল করল পাকিস্তান প্রশাসন। একই সঙ্গে জামাত-উদ-দাওয়ার শাখা সংগঠন ফালা-ই-ইনসানিয়ত ফাউন্ডেশনেরও দফতরেরও দখল নিয়েছে পাকিস্তান। পাশাপাশি লাহোরের জেএউডির একাধিক মাদ্রাসা এবং মসজিদের দখল নিয়েছে লাহোর প্রশাসন। আজ বৃহস্পতিবার এই বিষয়ে ইমরান সরকারের পক্ষ থেকে সে দেশের পঞ্জাব এবং লাহোর প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।এরপরেই মাসুদ আজহারের দুই সংগঠনের দফতর দখল নিল পাকিস্তান প্রশাসন। লাগাতার ভারতের চাপ এবং আন্তর্জাতিক চাপের কাছে মাথা নত করেছে পাকিস্তান। আর তা করে ইতিমধ্যে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে জঙ্গি হাফিজ সঈদের সংগঠন জামাত-উদ-দাওয়াকে৷ একই সঙ্গে নিষিদ্ধ করা হয়েছে জামাত-উদ-দাওয়ার শাখা সংগঠন ফালা-ই-ইনসানিয়ত ফাউন্ডেশনকেও৷ মুম্বইয়ে সন্ত্রাসবাদী হামলার ঘটনায় অন্যতম ষড়যন্ত্রকারী হাফিজ সঈদ৷ জামাত উদ দাওয়া হল লস্কর-ই-তোইবার ফ্রন্টাল সংগঠন। হাফিজ সঈদ লস্কর-ই-তোইবার অন্যতম প্রতিষ্ঠাতা।
এর আগে ২০০৮ সালে মুম্বইয়ে সন্ত্রাসবাদী হামলা চালায় এই জঙ্গি সংগঠন। পাকিস্তানে বসে সেই হামলার গোটা ব্লু-প্রিন্ট তৈরির নেতৃত্ব ছিলেন হাফিজ সঈদ। এর আগে ২০০৮ সালের ডিসেম্বরেই হাফিদ সঈদের বিরুদ্ধে প্রস্তাব গৃহীত হয়েছিল রাষ্ট্রপুঞ্জে। পরে ২০১২ সালে হাফিজকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী বলে ঘোষণা করে আমেরিকা। পাকিস্তানের ওই জঙ্গি নেতাকে গ্রেফতারের জন্য ১০ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কারও ঘোষণা করে ওয়াশিংটন। সেই সময় চাপে পড়ে হাফিজ ও তার সংগঠনকে ওয়াচ লিস্টে রাখতে বাধ্য হয়েছিল ইসলামাবাদ৷ পুলওয়ামা হামলার পর সম্প্রতি পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রকের ন্যাশনাল কাউন্টার-টেররিজম অথরিটি একটি তালিকা প্রকাশ করেছিল। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছিল যে নিষিদ্ধ সংগঠনের তালিকায় নাম নেই জামাত-উদ-দাওয়ার। ওই সংগঠনগুলিকে নিছক নজরদারি তালিকাতেই রাখা হয়েছে৷ মুখে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ার কথা বললেও কাজে তার প্রতিফলন নেই৷ ফলে বিশ্ব আঙিনায় চাপ বাড়তে থাকে ইমরান সরকারের উপর৷ জঙ্গিকে কেন ওয়াচ লিস্টে রাখা হল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে৷ এরপর পাকিস্তানের উপর বাড়তে থাকে আন্কর্জাতিক চাপ৷ শেষ পর্যন্ত ওই চাপে পড়েই হাফিজ সঈদের সংগঠনকে গত কয়েকদিন আগেই নিষিদ্ধ করে ইমরান সরকার৷ এবার সেই সংগঠনগুলির বিরুদ্ধ আরও কড়া ব্যবস্থা নিল ইমরান সরকার।