
আন্তর্জাতিক ডেস্কঃ আমেরিকা ও সৌদি আরবের প্রচণ্ড চাপ সত্ত্বেও লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তালিকায় অন্তর্ভূক্ত করতে অস্বীকৃতি জানিয়েছে জার্মানি। লেবানন সফর শেষে দেশে ফিরে জার্মান পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিলজ অ্যানেন তার দেশের এ অবস্থানের কথা জানান। তিনি গতকাল শুক্রবার জার্মান সাপ্তাহিকী ডার স্পাইগেলকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, হিজবুল্লাহ এখন লেবানন সমাজের একটি অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে দাঁড়িয়েছে এবং দেশটিতে কোনোরকম অস্থিতিশীলতা সৃষ্টি হোক বার্লিন তা চায় না। মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব ঠেকাতে জার্মানি সহযোগিতা করছে না বলে আমেরিকা যে অভিযোগ করছে তা নাকচ করে দিয়ে এই জার্মান মন্ত্রী বলেন, অত্যন্ত কঠিন পরিস্থিতিতেও রাজনৈতিক উপায়ে যেকোনো সমস্যা সমাধানের নীতিতে অটল থাকবে জার্মানি।
লেবাননে হিজবুল্লাহর সমর্থনে সংগঠনের পতাকা হাতে শোভাযাত্রা করছেন সাধারণ জনতা। ব্রিটিশ সরকার গতমাসে হিজবুল্লাহর রাজনৈতিক ও সামরিক উভয় শাখাকে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তালিকাভুক্ত করে। এর আগে লন্ডন শুধুমাত্র হিজবুল্লাহর সামরিক শাখাকে ওই তালিকায় রেখেছিল। হিজবুল্লাহ এক বিবৃতিতে ব্রিটিশ সরকারের ওই পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেছে, লেবাননের একটি রাজনৈতিক দলকে সন্ত্রাসী আখ্যা দিয়ে জনগণের সঙ্গে উপহাস করেছে ব্রিটেন। লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর প্রবল জনপ্রিয়তা রয়েছে। দেশটির সাম্প্রতিক পার্লামেন্ট নির্বাচনে এই জনপ্রিয়তার প্রমাণ পাওয়া গেছে। নির্বাচনে সংগঠনটি পার্লামেন্টের প্রায় অর্ধেক আসনে বিজয়ী হয়। প্রধানমন্ত্রী সা’দ হারিরির নেতৃত্বাধীন ৩০ সদস্যের মন্ত্রীসভায় হিজবুল্লাহর তিনজন মন্ত্রী রয়েছেন।