
আন্তর্জাতিক ডেস্ক: নিউজিল্যান্ডের মসজিদে একজন শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী নৃশংসভাবে নিরীহ মুসল্লিদের গুলি করে হত্যা করার পরও শ্বেতাঙ্গ জাতীয়তাদকে কোন হুমকি হিসেবে গণ্য করছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ডোনাল্ড ট্রাম্প এর কার্যালয় ওভাল অফিসে সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেন ক্রমবর্ধমান শ্বেতাঙ্গ জাতীয়তাবাদকে তিনি হুমকি হিসেবে দেখেন কি না? তাৎক্ষণিকভাবে তিনি বলেন, ‘আমি সত্যিই তা মনে করি না’। শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীদের ব্যাপারে তিনি জানান, এরা ছোট একটি গ্রুপ। তাদের খুব খুব গুরুতর কিছু সমস্যা রয়েছে। এই প্রসঙ্গে তিনি নিউজিল্যান্ডের ঘটনা টেনে আনেন। তিনি বলেন, ‘নিউজিল্যান্ডে যা ঘটেছে সম্ভবত এটা তার একটি নমুনা। আমি এই ব্যাপারে খুব বেশি কিছু জানি না। কিন্ত এটা নিশ্চিতভাবেই ভয়াবহ একটি ব্যাপার’। সাংবাদিকরা জানান, সন্ত্রাসী ব্রেন্টন ট্যারান্ট তার নাম এবং তাকে অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেছেন। এই ব্যাপারে ট্রাম্প নিজের অজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমি তা দেখিনি। তবে আমি মনে করি এটি ভয়াবহ একটি ঘটনা’।
যদিও শ্বেতাঙ্গ জাতীয়তাবাদের ভয়ংকরতা নিয়ে ট্রাম্পের এই উদাসীনতা নিয়ে প্রশ্ন উঠেছে। এর আগে ক্রাইস্টচার্চের মসজিদ হামলায় ৪৯ জন নিহতের ঘটনায় টুইটারে ট্রাম্প নিন্দা জানিয়েছিলেন এবং নিহতদের প্রতি শোক জ্ঞাপনও করেন। কিন্তু তার কিছুক্ষণ পরেই তিনি যেভাবে শ্বেতাঙ্গ জাতীয়তাবাদকে নির্বিষ হিসেবে বর্ণনা করেন তাতে নিহতদের প্রতি তার সহানুভূতি সত্যিকারের ছিল কি না তা অনেকেই জানতে চেয়েছেন। উল্লেখ্য, মসজিদ হামলার জন্য দায়ী ২৮ বছর বয়সি অস্ট্রেলিয়ার নাগরিক ব্রেনটন ট্যারান্ট একজন শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী। মুসলমানদের প্রতি তীব্র বিদ্বেষ পোষণ করা এই সন্ত্রাসী মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একজন ভক্ত। ট্রাম্প স্বয়ং তার দেশে মুসলিম বিদ্বেষী হিসেবে পরিচিত। ক্ষমতায় আসার পরই তিনি ৭টি মুসলিম দেশের মানুষের যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিলেন।।