
আন্তর্জাতিক ডেস্কঃ লোকসভা নির্বাচনে নিজে প্রতিদ্বন্দ্বিতা করবেন না ভারতের সুপরিচিত রাজনীতিক, দলিত শ্রেণির আইকনে পরিণত হওয়া ও উত্তর প্রদেশে চারবারের নির্বাচিত মুখ্যমন্ত্রী মায়াবতী। তার এমন ঘোষণায় হতাশ হয়েছে দেশ। তবে মায়াবতী বলেছেন, ক্ষমতাসীন বিজেপির প্রভাবকে মোকাবিলার জন্য যে জোট গঠন করেছেন তিনি সেদিকে বেশি নজর দেবেন। অর্থাৎ তিনি নিজে নির্বাচনে না গিয়ে জোটকে দিয়ে রাজনীতির খেলা খেলতে চাইছেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। ভারতে লোকসভা নির্বাচন শুরু হচ্ছে ১১ই এপ্রিল। এর ফল পাওয়া যাবে ২৩ শে মে। এ নির্বাচনে কোনো একক দল যদি পরিষ্কার সংখ্যাগরিষ্ঠতা না পায় তবে কিংমেকার বা কে ক্ষমতায় যাবে তা নির্ধারণে মায়াবতীর বহুজন সমাজ পার্টির (বিএসপি) মতো আঞ্চলিক দলগুলো বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে
মায়াবতী বুধবার সংবাদ সম্মেলনে বলেছেন, এবার পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভা নির্বাচনে তিনি নিজে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। তবে তিনি এ কথা জানিয়ে দিয়েছেন, যখনই আমি চাইবো তখনই লোকসভা নির্বাচন করলে জিতে যাবো। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন তিনি লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেই জিতে যাবেন। মায়াবর্ত বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি মনে ধারণ করে আমি সিদ্ধান্ত নিয়েছি, লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো না। যেকোনো মূল্যে আমার জোটকে আমি দুর্ভোগে ফেলবো না। আমার বিজয়ের চেয়ে নির্বাচনে অধিক পরিমাণে আসন জেতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
নির্বাচনের আগে আঞ্চলিক প্রতিপক্ষ সমাজবাদী পার্টির (এসপি) সঙ্গে জোট গঠন করেছে মায়াবতীর বিএসপি। বলা হচ্ছে, রাজ্যে ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে এটিই হলো জাতীয় পর্যায়ে বড় জোট। মায়াবতীর জীবনীকার সাংবাদিক অজয় বোস। তিনি মায়াবতীর এমন সিদ্ধান্তকে উদ্ভট বলে আখ্যায়িত করেছেন। তবে তার এমন সিদ্ধান্ত এটা পরিষ্কার করেছে যে তিনি নিজের স্বার্থের চেয়ে দলের স্বার্থকে বড় করে দেখেন।
অজয় বোস বলেন, এর মধ্য দিয়ে মায়াবতী তার ভাবমূর্তিকে পুনর্গঠনের চেষ্টা করছেন। এর মধ্য দিয়ে তিনি নিজেকে এমন একজন হিসেবে দেখানোর চেষ্টা করছেন, যেখানে তিনি থাকছেন সব বচসার ঊর্ধ্বে। তিনি এমন কেউ যিনি অধিকতর বড় লড়াইয়ের সমর্থক। মায়াবতীর রাজনীতির যাত্রা অস্বাভাবিক। তিনি পড়াশোনা করেছেন আইনে। রাজনীতিতে যোগ দেয়ার আগে শিক্ষকতা করেছেন। তার প্রদর্শক ছিলেন দলি ত শ্রেণির নেতা ও রাজনীতিক কাশি রাম। তিনিই প্রতিষ্ঠা করেন বিএসপি। দ্রুততার সঙ্গে খ্যাতির শীর্ষে চলে যান মায়াবতী। মাত্র ৩৯ বছর বয়সে ১৯৯৫ সালে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হন। এ পদে তিনিই ছিলেন ভারতে সবচেয়ে কম বয়সী রাজনীতিক।