
আন্তর্জাতিক ডেস্কঃ কেনিয়ার দারিদ্রপীড়িত প্রত্যন্ত অঞ্চলের পিটার তাবিচি ২০১৯ সালের বিশ্বের সেরা শিক্ষকের পুরষ্কারটা জিতে নিয়েছেন। গতকাল দুবাইয়ের আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে 'ওয়ার্ল্ড বেস্ট টিচার' হিসেবে তার নাম ঘোষণা করা হয়। পুরষ্কার হিসেবে এক মিলিয়ন ডলার পাবেন তাবিচি।আরব আমিরাতের ভার্কি ফাউন্ডেশন প্রতিবছর একজনকে বিশ্বের সেরা শিক্ষকের পুরষ্কার প্রদান করে থাকে। শিক্ষকতা পেশার গুরুত্ব সবার কাছে তুলে ধরতেই তাদের এই প্রয়াস।৩৬ বছর বয়সী তাবিচি একজন গণিত ও পদার্থ বিজ্ঞানের শিক্ষক। কেনিয়ার প্রত্যন্ত অঞ্চলের পাওয়ানি গ্রামের কারিকো উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন তিনি।স্কুলটিতে মাত্র একটি কম্পিউটার। ইন্টারনেট সংযোগের যা-তা অবস্থা। তাবিচি তার আয়ের ৮০ শতাংশই এই গরিব স্কুলটির পিছনে ব্যয় করে ফেলেন। দরিদ্র শিশুদেরকে লেখাপড়ায় সাহায্য করতে তিনি তার অন্য একটি চাকরিও ছেড়ে এসেছেন।
উলভারিনখ্যাত হলিউড সুপারস্টার হিউ জ্যাকম্যান অনুষ্ঠানের দিন গতকাল রোববার সেরা শিক্ষক হিসেবে তাবিচির নাম ঘোষণা করেন। আর দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন রশিদ আল মাকতুম তাবিচির হাতে এক মিলিয়ন ডলার তুলে দেন।পুরষ্কার পাওয়ার পর তাবিচি তার অভিব্যক্তিতে বলেন, আফ্রিকায় আমরা প্রতিদিন প্রতিক্ষণে নতুন নতুন অধ্যায় আবিষ্কার করে চলেছি। আজকের দিনটি অবশ্যই একটি বিশেষ দিন। এই পুরস্কার আমার প্রাপ্য নয়, এটা আফ্রিকার তরুণদের পুরস্কার।