
আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়া থেকে কমপক্ষে ৫০ টন স্বর্ণ লুট করেছে দেশটিতে মোতায়েন মার্কিন সেনারা। স্বর্ণ লুট-সংক্রান্ত বেশ কিছু তথ্য ও সূত্রের বরাতে তুরস্কের রাষ্ট্রীয় দৈনিক ডেইলি সাবাহ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বাস সংবাদ সংস্থাকে একটি সূত্র বলছে, সিরিয়ার উত্তারাঞ্চলীয় প্রদেশ দেইর আজর প্রদেশে দায়েশ গোষ্ঠীদের থেকে দখলকৃত এলাকা থেকে মার্কিন সেনারা আনুমানিক ৫০ টন স্বর্ণ লুট করেছে। সেসব স্বর্ণ যুক্তরাষ্ট্রে পাচার করে সেনারা। মার্কিন সেনাদের লুট করা সেই স্বর্ণগুলো সিরিয়ার আলেপ্পো শহরের পাশের কোবানি নামক স্থানে থাকা তাদের সামরিক ঘাঁটি থেকে দেশে পাঠানো হয়। তাছাড়া ইরাকের মশুল প্রদেশ থেকে দায়েশ সন্ত্রাসীদের চুরি করে আনা ৪০টি স্বর্ণ বারও মার্কিন সেনারা লুট করেছে।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানাকে স্থানীয় একটি সূত্র জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় হাসাকাহ’র আল দাসিশেহ নামক স্থানে দায়েশের যেসব স্বর্ণ মজুত আছে সেগুলো সরিয়ে অন্যত্র নিয়ে গিছে মার্কিন সেনারা। তাছাড়া ওই প্রতিবেদনে আরও জানানো হয়, মার্কিন সেনারা দায়েশের একজন নেতৃস্থানীয় নেতাকে আটক করেছে। তাকে নানাভাবে চাপ দেয়া হচ্ছে যাতে সে তাদের সোনার মজুদ কোথায় আছে সে সম্পর্কে তথ্য দেয়।
বিভিন্ন প্রতিবেদন সূত্রের বরাত দিয়ে সোনা লুটের যে দাবি করা হয় তা লন্ডনভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি অব হিউম্যান রাইটসের করা একটি প্রতিবেদনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সংস্থাটির প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, মার্কিন সমর্থিত পিপলস প্রটেকশন ইউনিট দেইর আজরে দায়েশের ফেলে যাওয়া ৪০ টন স্বর্ণ দখলে নেয়।