News71.com
 International
 27 Mar 19, 05:00 AM
 157           
 0
 27 Mar 19, 05:00 AM

ইজরায়েল দখলকৃত গোলনের মার্কিন স্বীকৃতিকে বিশ্ব নেতাদের প্রত্যাখান॥

ইজরায়েল দখলকৃত গোলনের মার্কিন স্বীকৃতিকে বিশ্ব নেতাদের প্রত্যাখান॥

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েল কর্তৃক দখলকৃত সিরিয়ার গোলান মালভূমিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আনুষ্ঠানিক স্বীকৃতির নিন্দা জানিয়ে তা প্রত্যাখ্যান করেছে বিশ্ব নেতারা। জাতিসংঘ‘সহ রাশিয়া, যুক্তরাজ্য, জার্মান, ফ্রান্স, সৌদি-আরব, কাতার ও লেবানন এই ঘোষণা দেয়। এমন খবর প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি, বিবিসি’সহ অনেক আন্তর্জাতিক গণমাধ্যম। ট্রাম্পের এই স্বীকৃতি নিয়ে জাতিসংঘ মন্তব্য করেন, এ ইস্যুতে তাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যপ্রাচ্য ও আফ্রিকা বিষয়ক দূত মিখাইল বোগডানোভ বলেন, গোলান নিয়ে রাশিয়ার অবস্থান অপরিবর্তিত রয়েছে। ট্রাম্পের এ ঘোষণা মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে আরও অবনতির দিকে নিয়ে যাবে বলে মনে করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বিষয়টি নিয়ে জাতিসংঘে যাওয়ার ঘোষণা দিয়েছেন। ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্র আরো একবার আন্তর্জাতিক আইন উপেক্ষা করলো। কিন্তু তাদের সিদ্ধান্ত কখনো ইসরায়েলের দখলদারিত্বকে বৈধতা দেবে না বলে মন্তব্য করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু।

সৌদি সরকারের বিবৃতি দিয়ে জানায়, গোলান মালভূমিতে ইসরাইলি দখলদারিত্ব মেনে নেয়ার যে উদ্যোগ মার্কিন প্রেসিডেন্ট নিয়েছেন, তা মধ্যপ্রাচ্যসহ বিশ্বশান্তির জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে। গোলান মালভূমি একটি আরব ভূখণ্ড। এবং তা আরবের অংশ হিসেবেই থাকবে বলেও স্পষ্ট জানিয়ে দেয়া হয়। আন্তর্জাতিক আইন অনুযায়ী গোলানের পাহাড়ি অঞ্চলটি সিরিয়ার একটি আরব ভূখণ্ড।

ব্রিটিশ পররাষ্ট্র দফতরের পক্ষ থেকে জানানো হয়, যুক্তরাজ্য গোলান মালভূমিতে ইসরায়েলি দখলদারিত্ব স্বীকার করে না। আমাদের এ সংক্রান্ত অবস্থান পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গোলান মালভূমিতে ইসরায়েলি দখলদারিত্বের পক্ষে ট্রাম্প যে স্বীকৃতি দিয়েছেন, তা আন্তর্জাতিক আইনের সঙ্গে সাংঘর্ষিক। তাই ফ্রান্স এই দখলদারিত্ব স্বীকার করে না। জার্মান সরকারের পক্ষ থেকে বলা হয়, এ বিষয়ে জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়নের অবস্থান অপরিবর্তিত রয়েছে।

একই সাথে ইউরোপীয় ইউনিয়নও ট্রাম্পের স্বীকৃতি প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছে। কানাডা এ নিয়ে জানায়, গোলান মালভূমিতে ইসরায়েলি দখলদারিত্বের স্বীকৃতি না দেয়ার ঘোষণা পুনর্ব্যক্ত করেছে। কাতার সরকারের এক বিবৃতিতে বলে, গোলান মালভূমি থেকে ইসরায়েলকে অবশ্যই সরে যেতে হবে। লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন বলেন, অন্য দেশের ভূখণ্ডের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার অধিকার বিদেশি নেতাদের নেই।

প্রসঙ্গত, ১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের সময় সিরীয়র গোলান মালভূমি দখল করে নেয় ইসরায়েল। তবে আন্তর্জাতিক সম্প্রদায় কখনো ইসরায়েলের এই দখলদারিত্বের স্বীকৃতি দেয়নি। কিন্তু দীর্ঘদিনের মার্কিন নীতি থেকে সরে এসে ২৫ মার্চ আনুষ্ঠানিকভাবে গোলান মালভূমির উপর ইসরায়েলি দখলদারিত্বের স্বীকৃতি দেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন