
আন্তর্জাতিক ডেস্ক: ভারত অধিকৃত কাশ্মিরের পুলওয়ামায় আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছিল ১৪ ফেব্রুয়ারি। আর তার জেরে ভারতীয় বিমানবাহিনী পাকিস্তানের বালাকোটে হামলা চালায় ২৭ ফেব্রুয়ারি।হামলার দিনই পাকিস্তান জানিয়েছিল ভারতীয় যুদ্ধ বিমান তাদের আকাশসীমা প্রবেশ করেছিল ঠিকই। কিন্তু পাকিস্তানের বিমানবাহিনীর ধাওয়া খেয়ে সেগুলো খুব তাড়াতাড়িই স্থান ত্যাগ করে। অন্যদিকে ভারতের সরকার কিছুটা সময় নিলেও সে দেশের সংবাদমাধ্যমে প্রচারিত হয় ভারতীয় বাহিনী পাকিস্তানের বালাকোটে হামলা চালিয়ে বেশ কিছু সন্ত্রাসী গোষ্ঠীর ঘাঁটি ধ্বংস করেছে এবং তিন শতাধিক ব্যক্তিকে হত্যা করেছে। নয়াদিল্লি ঘাঁটি ধ্বংসের কথা জানালে হতাহতের সংখ্যার ব্যাপারে নির্দিষ্ট কিছু উল্লেখ করেনি।ভারতের বিরোধীদলগুলো প্রথম দিকে এসব ব্যাপারে সরকারকে অকুন্ঠ সমর্থন জানালেও এক পর্যায়ে তারা এ হামলায় নিহতের সঠিক সংখ্যা জানতে চায় সরকারের কাছে। কিন্তু মাসাধিক কাল পার হলেও এ ব্যাপারে আনুষ্ঠানিক কিছুই জানায়নি ভারত সরকার। দেশটির শাসক দল বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এ ব্যাপারে তিনশ’র একটি ধারণা দেন। কিন্তু তিনি কোনো প্রমাণ দেখাতে পারেননি। বরং প্রমাণহীন সংখ্যা বলার কারণে ট্রোলের শিকার হন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এ ব্যাপারে তেমন কিছুই বলেননি।
কিন্তু নির্বাচনী প্রচারণায় গিয়ে ওইসব প্রশ্নের জন্য বিরোধীদের সমালোচনা করেন মোদি। তিনি বলেন, বালাকোটে অভিযানের পর এক মাস কেটে গিয়েছে। পাকিস্তান এখনো সেখানে নিহতদের লাশ গুনছে। আর বিরোধীরা এখনও প্রমাণ চাইছেন।বালাকোটে ভারতীয় বিমান বাহিনীর হামলায় ঠিক কতজন মারা গিয়েছিল, তা নিয়ে তর্ক-বিতর্কে কিছুটা ভাটা পড়ে আসতেই স্বয়ং প্রধানমন্ত্রী সেই ইস্যুকেই আবারো তুলে আনলেন। তিনি বলেন, শত্রু দেশে ঢুকে তাদের সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে হামলার পরও বিরোধীরা ‘প্রমাণ চাইছেন’।কাশ্মিরের পুলওয়ামায় আত্মঘাতী হামলায় গত ১৪ ফেব্রুয়ারি ভারতের আধা সামরিক বাহিনী সিআরপিএফের ৪৪ জন সদস্য নিহত হয়। এ ঘটনায় ভারত পাকিস্তানকে দায়ী করতে থাকে। পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করে জানায়, প্রমাণ থাকলে দিন, আমরা ব্যবস্থা নেব। ভারত এ ঘটনায় আন্তর্জাতিকভাবেও পাকিস্তানকে এক ঘরে করার চেষ্টা করে। কিন্তু তাতে বিফল হলে তারা নিজেরাই অর্থনৈতিকভাবে পাকিস্তানকে দুর্বল করতে বিভিন্ন পদক্ষেপ নেয়।