
আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিপাইনের প্রখ্যাত সাংবাদিক মারিয়া রেসাকে আবারো গ্রেপ্তার করা হয়েছে। গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে সোচ্চার অ্যাক্টিভিস্টদের অভিযোগ, সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করায় তিনি গ্রেপ্তার হয়েছেন। ফিলিপাইনের প্রেসিডেন্ট রড্রিগো দুতার্তের কট্টর সমালোচক হিসেবে সুপরিচিত রেসাকে শুক্রবার রাজধানী ম্যানিলার বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তিনি বিদেশ ভ্রমণ করে সবেমাত্র দেশের মাটিতে পা ফেলেছেন। এবার জালিয়াতির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। সাংবাদিকদের উদ্দেশ্যে মারিয়া রেসা বলেন,‘ আমার সাথে অপরাধীর মত আচরণ করা হচ্ছে, একজন স্বাধীনচেতা সাংবাদিক হওয়াই আমার একমাত্র অপরাধ’।
ফিলিপাইন এবং আমেরিকার পাসপোর্টোধারী রেসা এই মামলায় সহজেই জামিন পেয়ে যাবেন বলে ধারণা করা হচ্ছে। ফিলিপাইনের সংবিধান অনুযায়ী, গণমাধ্যমকে অর্থনৈতিক খাত হিসেবে বিবেচনা করা হয় এবং এই খাতের মালিকানা কেবলমাত্র ফিলিপাইনের নাগরিকদের জন্যই সংরক্ষিত। মারিয়া রেসার বিরুদ্ধে অভিযোগ তিনি প্রতারণার মাধ্যমে নিজের নাম ব্যবহার করে গণমাধ্যমে বিদেশি মালিকানা প্রতিষ্ঠিত করেছেন। মূলত রেসার প্রতিষ্ঠিত অনলাইনভিত্তিক সংবাদমাধ্যম র্যাপলারে ২০১৫ সালের একটি বিনিয়োগকে কেন্দ্র করে এই অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। এর আগে ফেব্রুয়ারিতেও মারিয়া রেসাকে গ্রেপ্তার করা হয়েছিল। সেসময় তার বিরুদ্ধে ইন্টারনেটে কুৎসা রটনার অভিযোগ আনা হয়েছিল। এর ফলে দুতার্তের সরকার ব্যাপকভাবে আন্তর্জাতিক নিন্দার সম্মুখীন হয়।