News71.com
 International
 31 Mar 19, 10:39 AM
 213           
 0
 31 Mar 19, 10:39 AM

সরকারি সংস্থার চায়ের কাপে মোদির স্লোগান॥ ইসি’র কারন দর্শাও নোটিশও

সরকারি সংস্থার চায়ের কাপে মোদির স্লোগান॥ ইসি’র কারন দর্শাও নোটিশও

আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় রেল ও বিমানে সরবরাহ করা চায়ের কাপে মোদির নির্বাচনী স্লোগান বিজ্ঞাপন আকারে ছাপানো হয়েছে। এ নিয়ে মোদির দল বিজেপির কাছে জবাব চেয়েছে দেশটির নির্বাচন কমিশন। আসন্ন লোকসভা নির্বাচনকে ঘিরে ক্ষমতাসীন দল বিজেপি সরকারি সংস্থাগুলো কাজে লাগাচ্ছে বলে অভিযোগ করে আসছে বিরোধী দলগুলো। যার হাতেনাতে প্রমাণ সরকারি সংস্থার চায়ের কাপে লেখা ‘ম্যায় ভি চৌকিদার’।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেকে ‘চৌকিদার’ বলে ঘোষণা করার পর থেকে তার মন্ত্রীসভার সদস্য আর বিজেপির নেতারাও নিজেদেরকে চৌকিদার বলে সামাজিক মাধ্যমে ঘোষণা দিচ্ছেন। চৌকিদার কথাটি বিজেপি তাদের সব নির্বাচনী প্রচারে ব্যবহার করছে।শুক্রবার কাঠগোদাম শতাব্দী এক্সপ্রেসের এক যাত্রী টুইট করেন একটি কাগজের চায়ের গ্লাসের- যেখানে একদিকে হিন্দিতে লেখা রয়েছে ‘ম্যায় ভি চৌকিদার’, অন্যদিকে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের নাম। ওই টুইটটি কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে যায়।ভারতে নির্বাচন ঘোষণার সঙ্গে সঙ্গেই যে আচরণবিধি চালু হয়ে গেছে, সে অনুযায়ী কোনো সরকারি সংস্থা বা সরকারি মাধ্যমকে কোনো দলই নিজেদের প্রচারের কাজে ব্যবহার করতে পারে না।ওই যাত্রীর অভিযোগ, ট্রেনে দুবার একই ধরনের কাগজের গ্লাসে চা দেওয়া হয়েছিল। অভিযোগ পেয়েই নির্বাচন কমিশন রেল মন্ত্রণালয়ের জবাব চেয়ে পাঠায়। রেলে খাবার পরিবেশন করে তাদেরই অধীনস্থ সংস্থা ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং এন্ড টুরিজম কর্পোরেশন।তারা আবার বিভিন্ন ট্রেনে ঠিকাদারদের মাধ্যমে খাবার পরিবেশন করে। আর খাবার পরিবেশন করা হয় যেসব গ্লাস বা কাপে, সেখানে ফাকা জায়গায় বিজ্ঞাপন নেওয়ার জন্য নানা সংস্থাকে লাইসেন্স দেওয়া হয়। তবে কী বিজ্ঞাপন ছাপা হবে, তার অনুমতি নিতে হয় আইআরসিটিসর কাছ থেকে।

একটি বিবৃতিতে আইআরসিটিসি জানিয়েছে, ‘বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই তদন্ত করা হয়েছে। যে সংস্থা ওই কাগজের গ্লাসে বিজ্ঞাপন যোগাড় করার দায়িত্বে ছিল, তারা আমাদের অনুমোদন না নিয়েই এটা করেছে। এজন্য এক লক্ষ ভারতীয় টাকা জরিমানা করা হয়েছে। আর সুপারভাইজার এবং প্যান্ট্রিকার ইনচার্জকেও কর্তব্যে গাফিলতির অভিযোগে কারণ দর্শাতে বলা হয়েছে।বিষয়টি জানার পরে ওই কাগজের গ্লাস আর ব্যবহার করা হয় নি বলেও রেল কর্তৃপক্ষ জানিয়েছে।শুক্রবার যখন ট্রেনের চায়ের গ্লাসে ওই স্লোগান নিয়ে বিতর্ক চলেছে সামাজিক মাধ্যমে, বিকেলে এক বিমান যাত্রী টুইট করেন যে সরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার বোর্ডিং পাসে তিনি গুজরাট সরকারের একটি বিজ্ঞাপন দেখতে পেয়েছেন, যেখানে নরেন্দ্র মোদীর ছবি রয়েছে।তামিলনাডুর মাদুরাই বিমানবন্দরে কীভাবে প্রধানমন্ত্রীর ছবিসহ বোর্ডিং পাস ইস্যু করল সরকারি বিমান সংস্থা, তা জানতে চেয়ে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়কে নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন।এর আগে, ভোটের তারিখ ঘোষণা হওয়ার পরেও ভারতীয় রেলের টিকিট কাউন্টার থেকে নরেন্দ্র মোদী সরকারের নানা প্রকল্পের বিজ্ঞাপন দেওয়া টিকিট বিক্রি হচ্ছিল বলে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হয়।রেল কর্তৃপক্ষ তখন বলেছিল ওই টিকিটগুলি ভোটের তারিখ ঘোষণা হওয়ার আগেই ছাপা হয়ে গিয়েছিল। কিন্তু তারা এটাও স্বীকার করে নেয় যে নির্বাচনী তফসিল ঘোষণার পরে ওই টিকিট বিক্রি করা তাদের উচিত হয় নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন