
আন্তর্জাতিক ডেস্কঃ পুনঃনির্বাচিত হলে অবরুদ্ধ পশ্চিম তীরে ইহুদি বসতি বাড়ানোর যে ঘোষণা ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু দিয়েছেন তা বাস্তবে রূপ নিতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। গাজার নিয়ন্ত্রণকারী হামাসের কর্মকর্তা সামি আবু জুহরি বলেছেন, ‘পশ্চিম তীরে নেতানিয়াহুর বসতি বৃদ্ধির স্বপ্ন কখনো অর্জিত হবে না এবং আমরা তা হতে দেব না।’ পশ্চিম তীরে ইসরায়েলকে দেওয়া নিরাপত্তা সহযোগিতা স্থগিত করতে মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন পশ্চিমা সমর্থিত ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতি আহ্বানও জানিয়েছেন হামাসের এ কর্মকর্তা। আবু জুহরি বলেন, ‘দখলদারদের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা বন্ধ এবং চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার এখনই সময়।’
এদিকে, মাহমুদ আব্বাসের ঘনিষ্ঠ ও প্রধান ফিলিস্তিনি আলোচক সায়েব এরাকাত বলেছেন, নেতানিয়াহুর বক্তব্যে ‘আশ্চার্য হওয়ার’ কিছু নেই। এরাকাত বলেন, ‘ইসরায়েল এ রকম নির্লজ্জভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করবে আর আন্তর্জাতিক সম্প্রদায় তাদের দায়মুক্তি দিয়ে পুরস্কৃত করবে, বিশেষ করে ট্রাম্প প্রশাসন তাদের সমর্থন দেবে এবং ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনকে অনুমোদন দেবে।’ প্রসঙ্গত, পশ্চিম তীরে প্রায় চার লাখ হহুদির বসতি রয়েছে। আর পূর্ব জেরুজালেমে রয়েছে দুই লাখ ইহুদির বসতি। অথচ পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম আর গাজা উপত্যকা নিয়ে ভবিষ্যত রাষ্ট্রের স্বপ্ন দেখছেন ফিলিস্তিনিরা। যার রাজধানী হবে পূর্ব জেরুজালেম। উল্লেখ্য, এর আগে ইসরায়েলি চ্যানেল-১২-কে সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, আবার ক্ষমতায় আসতে পারলে পশ্চিম তীরে ইহুদি বসতি বাড়ানো হবে।