
আন্তর্জাতিক ডেস্কঃ ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু সাম্প্রতিক দিনগুলোতে অভ্যন্তরীণ এবং আঞ্চলিক অঙ্গণে তীব্র রাজনৈতিক সংকটে জর্জরিত হয়ে পড়েছেন। এ অবস্থায় ইরান বিরোধী প্রচারণা চালিয়ে তিনি নিজেকে প্রভাবশালী ও ঝানু রাজনীতিবিদ হিসেবে প্রমাণ করার চেষ্টা করছেন। জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের ইরান সফরের প্রাক্কালে ইসরাইলের প্রধানমন্ত্রী গতকাল শুক্রবার এক টেলিফোন সংলাপে ইরান বিরোধী চাপ বহাল রাখার জন্য শিনজো অ্যাবের প্রতি আহ্বান জানান। এ ছাড়া, নেতানিয়াহু গত বৃহস্পতিবার ইসরাইলের আণবিক শক্তি সংস্থার সাবেক প্রধান উলাই হাইনুনেনের সঙ্গে সাক্ষাতে ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগের পুনরাবৃত্তি করে দাবি করেছেন, পরমাণু সমঝোতা সত্বেও তেহরান পরমাণু বোমা তৈরির চেষ্টা চালাচ্ছে। নেতানিয়াহু এমন সময় ইরানের বিরুদ্ধে এ অভিযোগ তুললেন যখন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ ১৫টি প্রতিবেদনে বলেছে, ইরান পরমাণু সমঝোতা পুরোপুরি মেনে চলছে এবং দেশটি পরমাণু অস্ত্র তৈরির কোনো চেষ্টা করছে না।