
আন্তর্জাতিক ডেস্কঃ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি সাবেক আইরিশ প্রধানমন্ত্রী অ্যামন গিলমোর দু’দিনের সফরে আজ সোমবার বাংলাদেশে আসছেন। গতকাল রোববার ঢাকায় একটি কূটনৈতিক সূত্র এ কথা নিশ্চিত করেছে। ধারণা করা হচ্ছে যে, রোহিঙ্গা সংকটের মানবিক দিকসহ নানা দিক নিয়ে তিনি ঢাকা ও ইয়াঙ্গুনের নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা করবেন। তিনি রোহিঙ্গাদের পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করবেন। রোহিঙ্গাদের সঙ্গেও কথা বলবেন। ইইউর বিশেষ প্রতিনিধি বাংলাদেশ সফর শেষে মিয়ানমার যাবেন। রোহিঙ্গা সংকট নিয়ে তিনি ভূমিকা পালন করবেন বলে ধারণা করা হচ্ছে। আজ তিনি ঢাকায় সরকারি পর্যায়ে একাধিক বৈঠক করবেন। পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন ও আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে।
ইইউর বিশেষ প্রতিনিধি অ্যামন গিলমোর তার সফরের দ্বিতীয় দিনে কক্সবাজার গিয়ে কুতুপালং ও বালুখালি রোহিঙ্গা শিবিরে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবেন। রোহিঙ্গা সংকটের ধরন নিয়ে বাংলাদেশে ধারণা পাওয়ার পর তিনি মিয়ানমার যাবেন। ইইউ রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান হিসেবে তাদের নিরাপদে মিয়ানমারে প্রত্যাবাসনের পক্ষে রয়েছে। তবে ইইউ মনে করে, রোহিঙ্গাদের প্রত্যাবাসন হতে হবে স্বেচ্ছায়। এ লক্ষ্যে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের নিরাপত্তাসহ তাদের নির্ভয়ে ফিরে যাওয়ার উপযুক্ত পরিবেশ সৃষ্টি দেখতে চায় ইইউ। রাখাইন রাজ্যে নিষ্ঠুর নির্যাতনের ফলে বাংলাদেশে প্রায় ১১ লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে বলেছেন, মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে আগ্রহী নয়। উদ্ভূত পরিস্থিতিতে ইইউ মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধির ভূমিকা খুবই তাৎপর্যপূর্ণ।