News71.com
 International
 17 Jun 19, 06:42 PM
 148           
 0
 17 Jun 19, 06:42 PM

জম্মু-কাশ্মিরে সেনাদের সাথে বন্দুকযুদ্ধে ২ গেরিলা নিহত॥কর্মকর্তাসহ আহত ৩

জম্মু-কাশ্মিরে সেনাদের সাথে বন্দুকযুদ্ধে ২ গেরিলা নিহত॥কর্মকর্তাসহ আহত ৩

আন্তর্জাতিক ডেস্কঃ ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে সংঘর্ষে দুই গেরিলা নিহত ও কর্মকর্তাসহ তিন সেনা জওয়ান আহত হয়েছেন। আজ সোমবার দক্ষিণ কাশ্মিরের আচাবল এলাকায় উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে হতাহতের এই ঘটনা ঘটে। সংশ্লিষ্ট এলাকায় গেরিলাদের উপস্থিতির কথা জানতে পেরে আজ সেনা ও পুলিশের যৌথবাহিনী অভিযান চালালে গেরিলারা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এসময় নিরাপত্তা বাহিনী পাল্টা গুলিবর্ষণ করে তার জবাব দেয়। ওই ঘটনাকে কেন্দ্র করে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে অনন্তনাগ জেলায় মোবাইল ইন্টারনেট পরিসেবা স্থগিত রাখা হয়েছে। আজ সোমবার যৌথবাহিনী অভিযান শুরু করলে স্থানীয় প্রতিবাদী তরুণরা সড়কে নেমে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। মারমুখী জনতাকে ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী এসময় কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপের পাশাপাশি পেলেটগান ব্যবহার করে।

এদিকে, আজ গেরিলাদের বিরুদ্ধে অভিযান চালানোর সময় গুলিবিনিময়ের মধ্যে সেনাবাহিনীর মেজর রাহুল ভার্মাসহ তিন জওয়ান আহত হয়েছেন। পুলিশের এক কর্মকর্তা বলেন, আহত জওয়ানদের চিকিৎসার জন্য নিকটবর্তী সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে আজ সোমবার জম্মু-কাশ্মিরের পুঞ্চ জেলায় ভারত-পাক সীমান্তে নিয়ন্ত্রণরেখা বরাবর পাক বাহিনীর গুলিতে সেনাবাহিনীর এক জওয়ান আহত হয়েছেন। পুলিশের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে সংবাদসংস্থা বলছে, আজ সকালে কৃষ্ণাঘাঁটি সেক্টরে পাকিস্তানি বাহিনী বিনাপ্ররোচনায় ভারতীয় সামরিক চৌকি লক্ষ্য করে গুলিবর্ষণের পাশপাশি মর্টার হামলা চালিয়েছে। ভারতীয় সেনাবাহিনী ওই ঘটনার পাল্টা কঠোর জবাব দিয়েছে। আহত সেনা জওয়ানকে চিকিৎসার জন্য নিকটবর্তী সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।এদিকে পাকিস্তানি বাহিনী গতকাল রোববার রাতেও নিয়ন্ত্রণরেখা বরাবর পুঞ্চে গুলিবর্ষণ করলে তিন বেসামরিক ব্যক্তি আহত হয়েছিলেন। ভারতীয় বাহিনী ওই ঘটনার কঠোর ও যথাযথ জবাব দিয়েছে। প্রতিরক্ষা দফতরের এক মুখপাত্র বলেন, গতকাল রোববার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ পুঞ্চ সেক্টরে পাকিস্তানি বাহিনী বিনাপ্ররোচনায় গুলিবর্ষণ ও মর্টার শেল নিক্ষেপ করেছে। ভারতীয় সেনাবাহিনী এর পাল্টা কঠোর জবাব দিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন