
আন্তর্জাতিক ডেরস্কঃ এই প্রথম কোনো একজন বিদেশি নাগরিককে মেয়র হিসাবে পাচ্ছে জার্মানির কোনো শহর৷ রজটক শহরে নির্বাচিত লর্ড মেয়র ক্লাউস রুহি মাসেন একজন ডেনিশ নাগরিক৷জার্মানির উত্তর প্রান্তের শহর রজটকের মেয়র পদে চূড়ান্ত নির্বাচনে জিতেছেন ক্লাউস রুহি মাসেন৷নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মাসেন ৫৭ শতাংশ ভোট পেয়েছেন৷ তার প্রধান প্রতিদ্বন্দ্বী উগ্র-বামপন্থী ‘লিংকে' দলের স্টিফেন বোকহান পেয়েছেন ৪৩ ভাগ ভোট৷চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের দল ক্রিস্টিয়ান ডেমোক্রেটস (সিডিইউ) এবং ফ্রি ডেমোক্রেটস (এফডিপি) মাসেনকে সমর্থন দিয়েছিল৷ তারা সেখানে কাউকে প্রার্থী করেনি৷ কোপেনহেগেনের অধিবাসী মাসেন ১৯৯২ সাল থেকে জার্মানিতে বসবাস করছেন৷ এর সাত বছর পর রজটকে চলে আসেন তিনি৷মেয়র নির্বাচনের আগে ছয় বছর ধরে রজটকের চেম্বার অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্সের সভাপতি ছিলেন মাসেন৷ পাঁচটি আসবাবপত্রের দোকান আছে তাঁর৷সাত বছর মেয়াদে মেয়রের আসনে থাকবেন ৪৬ বছর বয়সি মাসেন৷ এই সময়ে দোকানগুলো চালাবেন তাঁর স্ত্রী৷