
আন্তর্জাতিক ডেস্কঃ ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টির বিরুদ্ধে আমেরিকাকে সতর্ক করেছে চীন। দেশটি বলেছে, মধ্যপ্রাচ্যে নতুন করে প্যাণ্ডোরার বাক্স খুলবেন না। আজ মঙ্গলবার রাজধানী বেইজিংয়ে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেমের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে চীনের স্টেট কাউন্সিলর ওয়াং ই এসব কথা বলেন। ইরানের সঙ্গে চরম উত্তেজনার মাঝে আমেরিকা নতুন করে মধ্যপ্রাচ্যে আরো সেনা মোতায়েন করার ঘোষণা দেয়ার পর চীন এ বক্তব্য দিল। আমেরিকা সাম্প্রতিক দিনগুলোতে ইরানের সঙ্গে দৃশ্যত যুদ্ধে লিপ্ত হওয়ার নানা পদক্ষেপ নিচ্ছে। গতকাল ওয়াশিংটন ঘোষণা করেছে যে, তারা মধ্যপ্রাচ্যে আরো এক হাজার সেনা মোতায়েন করবে।
চীনের স্টেট কাউন্সিলর বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে চীন অবশ্যই উদ্বিগ্ন। এ অবস্থায় উত্তেজনা কমানোর জন্য সবপক্ষের কাজ করা উচিত। কোনো পক্ষেরই এমন কিছু করা উচিত হবে না যাতে উত্তেজনা আরো বেড়ে যায়। বিশেষ করে আমেরিকার চরম চাপ সৃষ্টির পদ্ধতি বাদ দিতে হবে। গত সপ্তাহে ওমান সাগরে দুটি তেল ট্যাংকারে সন্দেহজনক হামলার পর আমেরিকা তড়িঘড়ি করে ইরানকে দায়ী করে। ইরানের জাতীয় সংসদের স্পিকার ড. আলী লারিজানি পাল্টা আমেরিকাকে দায়ী করেছেন।