
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, যারা যাওয়ার তাড়াতাড়ি যান, চোরদের আমি দলে রাখব না। গতকাল মঙ্গলবার নজরুল মঞ্চে রাজ্যের সমস্ত পৌরসভার তৃণমূল কাউন্সিলরদের বৈঠকে তিনি এ কথা বলেন। স্থানীয় গণমাধ্যম বলছে, দলে যে দুর্নীতি ভালই বাসা বেঁধেছে, চোর ছ্যাঁচড়ে দল ভরে গেছে, তা প্রকারন্তরে স্বীকার করে নিলেন তৃণমূলনেত্রী। বৈঠকে মমতা বলেন, অর্ধেক লোক সারা বছর কাজ করে না। শুধু বাড়ি আর প্রোমোটিং করে। তিনি আরো বলেন, অডিটে ধরা পড়লেই অন্য রাজনৈতিক দলে চলে যাচ্ছে। ভাবছে পার পেয়ে যাবে। ওখানে যাওয়া মানে আরও ফেঁসে গেলেন!
খবরে বলা হয়েছে, প্রায় প্রতিদিনই তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার হিড়িক বাড়ছে। ইতিমধ্যেই ব্যারাকপুর শিল্পাঞ্চলের একাধিক পৌরসভা তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নিয়েছে বিজেপি। তৃণমূলনেত্রী এদিন বলেন, যারা যাওয়ার, তাড়াতাড়ি চলে যান। একজন গেলে আমি ৫০০ জন তৈরি করব। তবু চোরদের দলে রাখব না। দ্য ওয়াল বলছে, দলত্যাগীদের যাতে আর ফিরিয়ে নেওয়া না হয়, সে ব্যাপারেও রাজ্য নেতাদের কড়া বার্তা দেন মমতা। তবে দলের পুরনো কর্মীরা ফিরতে চাইলে যে দিদি তাদের দলে নেবেন তাও স্পষ্ট করে দেন এদিন। বলেন, আমার পুরনো কর্মীরা যদি ফিরতে যায়, তাদের অবশ্যই নিতে হবে।