
আন্তর্জাতিক ডেস্কঃ ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী বার্নি স্যান্ডার্স বলেছেন, কোনো মিথ্যা কথার ওপর ভিত্তি করে ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা যাবে না। সম্ভাব্য এ যুদ্ধ বন্ধ করতে তিনি সর্বশক্তি নিয়োগ করবেন বলে ঘোষণা করেছেন। বার্নি স্যান্ডার্স বলেন, ইরানের ওপর এমন হামলা হবে ভিয়েতনাম ও ইরাকে সামরিক হামলার মতো মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে। ভারমন্ট থেকে নির্বাচিত এ সিনেটর এমএসএনবিসি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে গতকাল বুধবার এসব কথা বলেন। এসময় তিনি সৌদি সরকারকে বর্বর সরকার বলে অভিহিত করেন।
স্যান্ডার্স ইরাক ও ভিয়েতনাম যুদ্ধের কথা উল্লেখ করে একে মার্কিন পররাষ্ট্রনীতির নিকৃষ্টতম বিপর্যয় বলে মন্তব্য করেন। তিনি বলেন, এ দুই যুদ্ধও হোয়াইট হাউজের মিথ্যার ওপর ভিত্তি করে হয়েছিল। স্যান্ডার্স জোর দিয়ে বলেন, “যদি ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করা হয় তাহলে তা হবে সীমানহীন যুদ্ধ যা কখনো মধ্যপ্রাচ্যে শেষ হবে না।” এজন্য তিনি যুদ্ধের চিন্তা বাদ দিয়ে কূটনৈতিক উপায়ে সমস্যা সমাধানের পরামর্শ দেন।