News71.com
 International
 20 Jun 19, 08:24 PM
 167           
 0
 20 Jun 19, 08:24 PM

ইরানে অনুপ্রবেশের কারণেই মার্কিন ড্রোনকে ভূপাতিত করা হয়েছে॥ জেনারেল হোসেন সালামি

ইরানে অনুপ্রবেশের কারণেই মার্কিন ড্রোনকে ভূপাতিত করা হয়েছে॥ জেনারেল হোসেন সালামি

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের ইসলামি বিপ্লবী গার্ডবাহিনী বা আইআরজিসি'র প্রধান মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন, ইরানের আকাশে অনুপ্রবেশকারী একটি মার্কিন গোয়েন্দা ড্রোন গুলি করে ভূপাতিত করার ঘটনার মাধ্যমে শত্রুদের জন্য এই সুষ্পষ্ট বার্তা দেয়া হয়েছে যে ইরানের সীমানা সবার জন্য রেড লাইন। মেজর জেনারেল সালামি আজ বৃহস্পতিবার কুর্দিস্তান প্রদেশে একটি অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় বলেন, ইসলামি বিপ্লবী গার্ডবাহিনীর আকাশ প্রতিরক্ষা ইউনিট ইরানের আকাশসীমায় অনুপ্রবেশকারী মার্কিন গোয়েন্দা বিমানকে গুলি করে ভূপাতিত করেছে। তিনি বলেন, এ পদক্ষেপের মাধ্যমে শত্রুর বিরুদ্ধে ইরানি জাতির মৌলিক ও নীতিগত অবস্থান ফুটে উঠেছে।


মেজর জেনারেল সালামি বলেন, "ইরান কোনো রাষ্ট্রের সঙ্গেই যুদ্ধে যেতে চায় না। তবে আমরা যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত আছি।" শত্রুর যেকোনো তৎপরতার বিরুদ্ধে ইসলামি ইরান কঠোর জবাব দেবে বলেও হুঁশিয়ারি দেন কমান্ডার সালামি। ইরান যেখানেই প্রতিরোধ যুদ্ধ চালিয়েছে সেখানেই বিজয়ী হয়েছে উল্লেখ করে জেনারেল সালামি বলেন, শত্রুদেরকে ইরানের ভূখণ্ড এবং স্বার্থের প্রতি অবশ্যই সম্মান দেখাতে হবে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র জনসংযোগ বিভাগ আজ (বৃহস্পতিবার) ভোরে প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে যে দেশের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় প্রদেশ হরমুজগানের ‘কুহে মোবারক’ এলাকায় অনুপ্রবেশকারী আমেরিকায় তৈরি ‘গ্লোবাল হক’ মডেলের একটি গোয়েন্দা ড্রোন গুলি করে নামানো হয়েছে। কুহে মোবারক এলাকাটি হরমুজগান প্রদেশের মধ্যাঞ্চলীয় ‘জাস্ক’ কাউন্টিতে অবস্থিত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন