
আন্তর্জাতিক ডেস্কঃ ইরান নিয়ন্ত্রিত আকাশসীমায় মার্কিন যুক্তরাষ্ট্রের সব ধরনের বিমান চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের বেসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। আর এ নিষেধাজ্ঞার ফলে ইরান নিয়ন্ত্রিত হরমুজ প্রণালি এবং ওমানের আকাশসীমায় কোনো ধরনের মার্কিন বিমান উড়বে না। গতকাল বৃহস্পতিবার ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এ জরুরি নিষেধাজ্ঞা দেয়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
ফেডারেল এভিয়েশন এ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানায়, যুক্তরাষ্ট্রের ড্রোনটি যেখানে ধ্বংস করা হয়েছে তার আশেপাশে একাধিক মার্কিন বিমান ছিলো। হামলার ঝুঁকি থেকে রক্ষা পেতে মার্কিন সব বিমানকে ওই এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ইরান নিয়ন্ত্রিত হরমুজ প্রণালীর আকাশসীমায় ১৩০ মিলিয়ন ডলার মূল্যের মার্কিন ড্রোন ধ্বংস করে ইরান। এমন পরিস্থিতিতে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোলাল্ড ট্রাম্প ইরানে হামলার নির্দেশ দিয়ে পরবর্তিতে পিছিয়ে আসেন। এ ঘটনার পরে দুই দেশের মধ্যে আবার নতুন করে সামরিক উত্তেজনা দেখা দিয়েছে।