
আন্তর্জাতিক ডেস্কঃ কাজাকিস্তানে একটি অস্ত্রাগারে আগুন লেগে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৪৬ জন আহত হয়েছেন। বিস্ফোরণের সময় আশপাশের ভবন গুলো বিকট শব্দে কেঁপে ওঠে। আহতদের মধ্যে পাঁচ শিশুও রয়েছে।গতকাল সোমবার দেশটির দক্ষিণাঞ্চলীয় আরিস শহরের পার্শ্ববর্তী অস্ত্রাগারে বিস্ফোরণের পরপরই ঐ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ক্ষয়ক্ষতির আশঙ্কায় আশপাশের এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে কয়েক লাখ বাসিন্দাকে। তাদের সবাইকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে।বিস্ফোরণের ঘটনায় দেশ জুড়ে জারি করা হয়েছে জরুরি অবস্থা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা ও পুলিশের এক হাজার সদস্য মোতায়েন করেছে কর্তৃপক্ষ।আগুন ও বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনো কিছু জানা না গেলেও ঐ ঘটনার তদন্ত শুরু করেছে কাজাকিস্তান সরকার।