News71.com
 International
 26 Jun 19, 12:16 PM
 165           
 0
 26 Jun 19, 12:16 PM

আগ্রাসনের বিরুদ্ধে ইরানের সশস্ত্র বাহিনীকে কঠোর জবাব দেয়ার নির্দেশ দিলেন প্রেসিডেন্ট রুহানি॥

আগ্রাসনের বিরুদ্ধে ইরানের সশস্ত্র বাহিনীকে কঠোর জবাব দেয়ার নির্দেশ দিলেন প্রেসিডেন্ট রুহানি॥

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, আমেরিকা যদি আবার ইরানের পানি ও আকাশসীমা লঙ্ঘন করে তাহলে ইরানের সশস্ত্র বাহিনীকে তার কঠোর ও চূড়ান্ত জবাব দেয়ার নির্দেশ দিয়ে রাখা হয়েছে। তিনি গতরাতে (মঙ্গলবার রাতে) ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে এক টেলিফোনালাপে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।একইসঙ্গে তিনি একথারও পুনরাবৃত্তি করেন যে, উত্তেজনা ও সংঘাত ইরানের মোটেও পছন্দ নয় এবং তেহরান যেকোনো সংঘর্ষ থেকে দূরে থাকতে চায়।প্রেসিডেন্ট রুহানি তার ফরাসি সমকক্ষকে বলেন, ইউরোপ যদি পরমাণু সমঝোতা থেকে ইরানকে লাভবান করতে না পারে তাহলে এই সমঝোতার ২৬ ও ৩৬ নম্বর ধারা অনুযায়ী তেহরান নিজের প্রতিশ্রুতি বাস্তবায়ন একটু একটু করে শিথিল করবে।তবে তিনি এও বলেন যে, ইরান এমন কোনো পদক্ষেপ নেবে না যেখান থেকে ফিরে আসা সম্ভব নয়। যখনই পরমাণু সমঝোতার অবশিষ্ট দেশগুলো ইরানের তেল রপ্তানি ও ব্যাংকিং লেনদেন স্বাভাবিক করার ব্যবস্থা নেবে তখনই তেহরান আবার পরিপূর্ণভাবে এ সমঝোতা বাস্তবায়ন শুরু করবে। তবে আমেরিকা নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত অচলাবস্থা পুরোপুরি কাটবে না বলেও তিনি সতর্ক করে দেন।

হাসান রুহানি বলেন, ২০১৫ সালে পরমাণু সমঝোতা স্বাক্ষরের পর থেকে সব পক্ষ যদি এটি ঠিকমতো বাস্তবায়ন করত তাহলে মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বে শান্তির বাতাস বহমান থাকত এবং পারস্য উপসাগরে এখন যে উত্তেজনা সৃষ্টি হয়েছে তা হতো না।টেলিফোনালাপে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকার একতরফাভাবে বেরিয়ে যাওয়া ও তেহরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা জোরদার হওয়ায় দুঃখ প্রকাশ করে বলেন, ফ্রান্স পরমাণু সমঝোতায় অটল রয়েছে এবং আমেরিকাকে এ সমঝোতায় ফিরিয়ে আনার চেষ্টা করে যাচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন