News71.com
 International
 26 Jun 19, 06:58 PM
 153           
 0
 26 Jun 19, 06:58 PM

ফিলিস্তিনিদের ‘শতাব্দীর সেরা সুযোগ’ মেনে নেয়ার আহ্বান জানালেন ট্রাম্পজামাতা কুশনার॥

ফিলিস্তিনিদের ‘শতাব্দীর সেরা সুযোগ’ মেনে নেয়ার আহ্বান জানালেন ট্রাম্পজামাতা কুশনার॥

আন্তর্জাতিক ডেস্কঃ মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্র পরিকল্পিত ‘শতাব্দীর সেরা চুক্তি’কে ‘শতাব্দীর সেরা সুযোগ’ আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও হোয়াইট হাউসের উপদেষ্টা জ্যারেড কুশনার। তিনি ‘এই সুযোগ’ গ্রহণ করতে ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বাহরাইনের রাজধানী মানামায় যুক্তরাষ্ট্রের আয়োজনে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে নিয়ে বহুল আলোচিত ইকোনমিক ওয়ার্কশপের ‍উদ্বোধনী বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। ‘শান্তির জন্য সমৃদ্ধি’ প্রতিপাদ্য সামনে রেখে যুক্তরাষ্ট্র পরিকল্পিত ‘শতাব্দীর সেরা চুক্তি’র আওতায় ফিলিস্তিন ও প্রতিবেশী আরব রাষ্ট্রগুলোতে ৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে। তবে শর্ত হচ্ছে- ফিলিস্তিনকে এই পরিকল্পনা মেনে নিতে হবে। পাশাপাশি অমীমাংসিত বিষয়গুলো সমাধানে রাজি হতে হবে। মানামা সম্মেলনের উদ্বোধনী ভাষণে জ্যারেড কুশনার জানান, হোয়াইট হাউস ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনকে ছেড়ে যাচ্ছেন না। গোটা মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় বিবদমান পক্ষগুলোকে একটি ন্যায্য সমঝোতায় পৌঁছতে হবে।

বিগত কয়েক মাস ধরে ফিলিস্তিন ও ইসরাইলে শান্তি প্রতিষ্ঠায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন ফর্মুলা পেশ করতে যাচ্ছেন বলে খবর বেরিয়েছিল। ইসরাইলের বিভিন্ন সংবাদমাধ্যমে ‘শতবর্ষী বা শতাব্দীর সেরা সমঝোতা’ শিরোনামে এ পরিকল্পনার কথা উল্লেখ করা হয়। তবে শুরু থেকেই ফিলিস্তিন ও মুসলিম বিশ্ব এটিকে প্রত্যাখ্যান করেছে। মধ্যপ্রাচ্যে ট্রাম্পের কথিত শতাব্দীর সেরা শান্তি পরিকল্পনাকে শয়তানি পরিকল্পনা বলেও আখ্যায়িত করেছেন ফিলিস্তিনিরা। নতুন এ পরিকল্পনা প্রণয়নে নেতৃত্ব দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও উপদেষ্টা জ্যারেড কুশনার। গতকাল মঙ্গলবার তার নেতৃত্বেই বাহরাইনের একটি হোটেলে দুদিনের এ সম্মেলন শুরু হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন