
আন্তর্জাতিক ডেস্কঃ ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যুদ্ধ চায় শতকরা মাত্র পাঁচ ভাগ মার্কিন নাগরিক। নতুন এক জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে। ইরান ও আমেরিকার মধ্যে যখন চরম উত্তেজনা বিরাজ করছে তখন এ জনমত জরিপের ফলাফল প্রকাশ করা হলো।দ্যা হিল-হ্যারিস এক্স গতকাল (মঙ্গলবার) জরিপ ফলাফল প্রকাশ করে। এতে দেখা যাচ্ছে- শতকরা পাঁচ ভাগ যুদ্ধবাজ লোক ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পক্ষে, শতকরা ১৯ ভাগ সীমিত আকারে হামলার পক্ষে আর শতকরা ৫৮ ভাগ মানুষ বলেছেন, তারা যুদ্ধ চান না। গত বৃহস্পতিবার ইরান তার আকাশসীমা থেকে একটি মার্কিন অত্যাধুনিক গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার পর চরম উত্তেজনা দেখা দেয়। এরপর দ্যা হিল-হ্যারিস এক্স এ জরিপ পরিচালনা করে। শতকরা ৪৯ ভাগ মার্কিন নাগরিক বলেছেন, তারা চান আলোচনার মাধ্যমে সাম্প্রতিক শত্রুতার অবসান হোক আর শতকরা নয়ভাগ বলেছেন, কোনো হামলা চালানো উচিত হবে না। দ্যা হিল-হ্যারিস এক্স ২২ ও ২৩ জুন ১০০১ জন মার্কিন নাগরিকের মাঝে এ জরিপ পরিচালনা করে।