
আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বার বার সংলাপের কথা বললেও প্রকৃতপক্ষে তিনি ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে আলোচনা করতে চান না। ফ্রান্সের একটি প্রতিরক্ষা সূত্র এ তথ্য দিয়েছেন। ট্রাম্প প্রায় প্রতিদিনই বলছেন- তার প্রশাসন ইরানের সঙ্গে যুদ্ধ নয় বরং কূটনৈতিক সমাধান চায়। নাম প্রকাশে অনিচ্ছুক ফরাসি এ সূত্র গতকাল বুধবার রাজধানী প্যারিস থেকে সিএনএন টেলিভিশন চ্যানেলকে বলেন, সংলাপের বিষয়ে আমেরিকার পক্ষ থেকে আগ্রহের কোনো লক্ষণ নেই।
এ সূত্র বলছেন, আমেরিকা ভালো মিত্র হওয়া সত্ত্বেও ইরানের বিরুদ্ধে কোনো সামরিক সংঘাতে কথিত আন্তর্জাতিক জোটে স্বয়ংক্রিয়ভাবে যোগ দেবে না ফ্রান্স। সূত্র আরো বলেছেন, আমাদের নিজস্ব লক্ষ্য ও স্বার্থ আছে। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার যখন ন্যাটো প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকের অবকাশে ফরাসি প্রতিরক্ষামন্ত্রী ফ্রোরেন্স পার্লির সঙ্গে ইরান ইস্যু নিয়ে আলোচনার চেষ্টা করেন তখন ফ্রান্সের সূত্রটি এসব কথা বললেন। ইরানের আকাশসীমা থেকে যে মার্কিন ড্রোন ভূপাতিত করা হয়েছে ফ্রান্স তাকেও স্বীকার করছে। দেশটি বলছে, আন্তর্জাতিক সীমা থেকে ইরান ড্রোনটি ভূপাতিত করেছে বলে আমেরিকার যে দাবি করছে তা সঠিক নয়।