
আন্তর্জাতিক ডেস্কঃ ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফ কাস্টনার ট্যুইট করে জানিয়েছেন,গতকাল বুহস্পতিবারের ওই বন্দুকধারীর হামলার পর তিনি গোটা দেশের ধর্মীয়স্থানগুলিতে নিরাপত্তা নিশ্ছিদ্র করার নির্দেশ দিয়েছেন। স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, গুলিবিদ্ধ ২ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তারা এখন আশঙ্কামুক্ত। গতকাল বৃহস্পতিবার ফ্রান্সের পশ্চিমের শহর ব্রেস্ট বন্দুকবাজের গুলিতে কমপক্ষে ২ জন আহত হন। হামলা হয় একটি মসজিদের সামনে। ঘটনার পরপরই গোটা এলাকা ঘিরে, বন্দুকধারীর খোঁজে তল্লাশি অভিযানে নেমেছে পুলিশ। গভীর রাতের খবর, এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন, হামলার পরেই একটি গাড়িতে চেপে ওই বন্দুকধারী পালিয়ে যায়। তল্লাশি অভিযান চলাকালীন সুরক্ষার কারণে ঘটনাস্থলের আশপাশের লোকজনকে বাড়ি থেকে বেরোতে নিষেধ করা হয়েছে। এই হামলায় জঙ্গিযোগ রয়েছে কি না, পুলিশ তা খতিয়ে দেখছে।
পুলিশের একটি সূত্রে দাবি করা হয়, বন্দুকধারীর পরিচয় জানা গিয়েছে। তবে, তার নাম-ধাম মিডিয়াকে জানানো হয়নি। এদিকে ডয়েচে ভেলের প্রতিবেদনে বলা হচ্ছে ফ্রান্সের আটলান্টিক উপকূলে ব্রেস্ট শহরে গতকাল বৃহস্পতিবার বিকেলে ওই সুন্না মসজিদের ইমাম রাশি এলজাইকে দুইজন বন্দুকধারী গুলি করে পালিয়ে যায়। একজন বন্দুকধারীকে পরে মৃত অবস্থায় পাওয়া গেছে। স্থানীয় এক আইনজীবী জিয়ান-ফিলিপ জানান, বিকেলে মসজিদ থেকে মুসল্লিরা বের হয়ে আসলে বন্দুকধারীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এর পর একটি রিনল্ট ক্লিও কারে করে বন্দুকধারীরা পালিয়ে যায়। গাড়িটির অদূরে এক বন্দুকধারীর লাশ পাওয়া যায়। পুলিশ বলছে তাকে খুব কাছে থেকে তার মাথায় গুলি করা হয়েছে।