
আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার এক বছর পর ইরানও ওই চুক্তির দু'টি ধারা বাস্তবায়ন না করার ঘোষণা দিয়েছিল। এর জন্য তেহরান ইউরোপীয় দেশগুলোকে ৬০ দিনের আল্টিমেটাম দিয়ে বলেছিল এ সময়ের মধ্যে তারা যদি ইরান বিরোধী মার্কিন নিষেধাজ্ঞা মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ না নেয় তাহলে ইরান ওই হুমকি বাস্তবায়ন করবে। এবং ইরান জাতীয় স্বার্থ রক্ষায় সব রকম পদক্ষেপ নেবে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আজ অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পরমাণু সমঝোতা বিষয়ক যৌথ কমিশনের বৈঠক শুরুর আগে বলেছেন, পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বেরিয়ে যাওয়ার পর অবশিষ্ট দেশগুলো মার্কিন নিষেধাজ্ঞার মোকাবেলায় ইরানের ক্ষতি পুষিয়ে দেয়ার জন্য কোনো পদক্ষেপই নেয়নি। তিনি এ ব্যাপারে ইউরোপের স্বাধীন নীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গত বছর ৮ মে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ইউরোপীয় নেতারা ইরানের সঙ্গে যোগাযোগ করে পরমাণু সমঝোতায় অটল থাকার জন্য তেহরানকে অনুরোধ করে যাতে বিশ্বের এতবড় কূটনৈতিক সাফল্যকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা যায়। আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর এক বছর অতিক্রান্ত হলেও এবং এসময়টিতে ইরান ব্যাপক ধৈর্য ধারণ ও আন্তরিকতার প্রমাণ দিলেও পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতি মেনে চলতে ব্যর্থতার পরিচয় দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ফলে ইরানের জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এ কারণে দেশটি এক বছর পর পরমাণু সমঝোতার দুটি ধারা বাস্তবায়ন না করার ঘোষণা দিয়ে ইউরোপকে দুই মাসের আল্টিমেটাম দিয়েছিল। পরমাণু চুক্তি অনুযায়ীই ইরান এ পদক্ষেপ নিয়েছে। কিন্তু তারপরও ইউরোপ পরমাণু সমঝোতা মেনে চলার জন্য ইরানের ওপর চাপ দিয়ে যাচ্ছে যা সম্পূর্ণ অযৌক্তিক। অন্য দেশগুলো তাদের প্রতিশ্রুতি পালন না করার অর্থই হচ্ছে পরমাণু সমঝোতার লঙ্ঘন।