
আন্তর্জাতিক ডেস্কঃ পাখির সঙ্গে ধাক্কা লেগে এক ভারতীয় যুদ্ধবিমান দ্রুত অবতরণ করেছে পাঞ্জাবের একটি বিমানঘাঁটিতে। উপস্থিত বুদ্ধি আর তৎপরতায় একইসঙ্গে বিমান আর নিজের প্রাণ রক্ষা করেছেন পাইলট। গতকাল বৃহস্পতিবার সকালে পাঞ্জাবের অম্বালায় বিমানবাহিনীর বিমানঘাঁটিতে জরুরি অবতরণ করে যুদ্ধবিমান জাগুয়ার। বিমানবাহিনী সূত্রে বলা হয়, বিমানঘাঁটি থেকে মহড়ার জন্য রওনা দিয়েছিলেন ওই বিমানচালক। ওড়ার কিছুক্ষণের মধ্যেই আচমকা পাখির সঙ্গে ধাক্কা লাগতে বিমানের দুটি ইঞ্জিনের একটি বিগড়ে যায়। তণক্ষণাৎ পাইলট বিমানের জ্বালানি ট্যাঙ্ক, গুদামঘর এবং ১০ কেজি অনুশীলনে ব্যবহৃত বোমা বিমান থেকে খালি করে আরো উঁচুতে নিয়ে যান বিমানটিকে।
তারপর নিরাপদে বিমান অবতরণ করান। অম্বালার ডেপুটি পুলিস কমিশনার রজনীশ কুমারও জানান, ওই যুদ্ধবিমানের বেশ কিছু সরঞ্জাম শহরের ভিতর পড়েছিল। পরে সেগুলি উদ্ধার করে নিয়ে যায় বিমানসেনা। পুরো ঘটনায় তদন্ত শুরু করেছে বিমানবাহিনী। কারণ জনবহুল অম্বালা শহরের একদম মধ্যবর্তী স্থানে রয়েছে ওই বিমানঘাঁটি। এ ধরনের আর কোনো ঘটনা থেকে বড় বিপদ এড়াতে তাই আগাম সতর্কতা নিচ্ছে বিমানবাহিনী।