
আন্তর্জাতিক ডেস্কঃ ২০১৭ সালের ২৪ আগস্ট মধ্যরাতের পর থেকে নিরাপত্তা বাহিনীর ওপর কথিত হামলার অজুহাতে রোহিঙ্গা নিধনযজ্ঞ শুরু নিয়ে সন্দেহ ও সংশয় স্থান পেয়েছে জাতিসংঘের নিজস্ব প্রতিবেদনেও। গুয়াতেমালার সাবেক পররাষ্ট্রমন্ত্রী গার্ট রোজেনথাল প্রণীত সাম্প্রতিক প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, আনান কমিশনের প্রতিবেদন ও সুপারিশ আনুষ্ঠানিকভাবে প্রকাশের রাত (২০১৭ সালের ২৫ আগস্ট) থেকেই রাখাইন রাজ্যে সংঘটিত ঘটনাগুলো নিছক কাকতালীয় বা দুর্ঘটনা নয়—এমন বিশ্বাসযোগ্য ভাবনা রয়েছে। প্রতিবেদনটির শিরোনাম ‘মিয়ানমারে ২০১০ থেকে ২০১৮ সাল পর্যন্ত জাতিসংঘের সংশ্লিষ্টতার বিষয়ে স্বাধীন তদন্ত’। প্রতিবেদনের ‘রাখাইন রাজ্যের ট্র্যাজেডি’ অংশে বলা হয়েছে, রাখাইন রাজ্যের মুসলমানসহ সবার কল্যাণের জন্য ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চি জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বে একটি কমিশন গঠন করেন। এর কয়েক দিন পরই আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) নামে ‘একটি ছোট্ট রোহিঙ্গা জঙ্গিগোষ্ঠীর হামলায়’ কয়েকজন নিরাপত্তাকর্মী নিহত হওয়ার পর নিরাপত্তা বাহিনী রোহিঙ্গাদের বিরুদ্ধে মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করে। সে সময়ের অভিযানে ৭০ জনেরও বেশি রোহিঙ্গা নিহত হয়। এ ছাড়া বাংলাদেশে পালিয়ে আসে প্রায় এক লাখ রোহিঙ্গা। অনেক মানবাধিকার এনজিওর মতে, ২০১৭ সালে যে আরো বড় ধরনের বিপর্যয় আসবে তার অশুভ ইঙ্গিত ২০১৬ সালের ৯ অক্টোবর-পরবর্তী অভিযানেই ছিল।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালের আগস্ট মাসে আনান কমিশনের প্রতিবেদনে স্পষ্ট বলা হয়েছিল, রোহিঙ্গাদের বিচ্ছিন্ন করে রাখা নয়, বরং একসঙ্গে নিয়ে চলাই রাখাইন রাজ্যে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ও উন্নয়নের সর্বোত্তম পথ। প্রতিবেদনে আরো বলা হয়েছে, ‘মিয়ানমার সরকার বা অন্তত সরকারের বেসামরিক অংশ’ আনান কমিশনের ওই প্রতিবেদনকে স্বাগত জানিয়েছিল। অং সান সু চি বলেছিলেন, মাঠপর্যায়ের পরিস্থিতির আলোকে তিনি যতটা সম্ভব কম সময়ের মধ্যে সব সুপারিশ পূর্ণ বাস্তবায়নের উদ্যোগ নেবেন। গার্ট রোজেনথালের প্রতিবেদনে বলা হয়েছে, আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নে সু চি মন্ত্রী পর্যায়ের একটি কমিটিকেও দায়িত্ব দেন। তবে মিয়ানমারের সামরিক বাহিনী ও ক্ষমতাধর উগ্র জাতীয়তাবাদী বৌদ্ধরা সুপারিশগুলো বাস্তবায়নের ব্যাপারে প্রকাশ্যে তীব্র বিরোধিতা করেছিল। এরপর আনান কমিশনের সুপারিশগুলো আনুষ্ঠানিকভাবে প্রকাশের পর রাখাইন রাজ্যে সংঘটিত ঘটনাগুলো দুর্ঘটনা ছিল না বলে বিশ্বাসযোগ্য ধারণা আছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ‘আরসার হামলার’ পটভূমিতে মিয়ানমার বাহিনী রোহিঙ্গাদের বিরুদ্ধে যে ভয়াবহ হামলা চালিয়েছে তা ছিল পূর্বপরিকল্পিত। আনান কমিশনের প্রতিবেদন প্রকাশের অন্তত দুই সপ্তাহ আগে (১১ আগস্ট) নিরাপত্তা জোরদার করতে সহায়তার নামে মিয়ানমার সেনাবাহিনীর একটি ব্যাটালিয়নকে রাখাইনে পাঠানো হয়েছিল। পরে রোহিঙ্গাদের ওপর তাদের নির্যাতন-নিপীড়নকে জাতিসংঘ ‘আক্ষরিক অর্থেই জাতিগত নিধনযজ্ঞ’ ও ‘জেনোসাইড’ বলে অভিহিত করেছে। মিয়ানমার বাহিনী রাখাইনে রোহিঙ্গদের শত শত গ্রাম পুড়িয়ে দিয়েছে। অন্তত সাত হাজার হত্যা, ধর্ষণ ও লুটতরাজের ঘটনা ঘটেছে। মিয়ানমারে জাতিসংঘের ‘অকার্যকর’ উপস্থিতিতে সাত লাখেরও বেশি রোহিঙ্গা রাখাইন ছেড়ে বাংলাদেশে আসতে বাধ্য হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সু চির নেতৃত্বে ঘাটতি ছিল। সামরিক বাহিনীর সঙ্গে দূরত্ব সৃষ্টিতেও তিনি আগ্রহী নন। তা ছাড়া ২০২০ সালে মিয়ানমারে জাতীয় নির্বাচন। সেখানে ভোটে জিততে সু চিকে বৌদ্ধ সম্প্রদায় ও সামরিক বাহিনীর সমর্থন পেতে হবে। তাদের বড় অংশই রোহিঙ্গাদের মিয়ানমারে রাখার বিরুদ্ধে। আরসার পেছনে বাইরের শক্তির সমর্থন থাকার অভিযোগ প্রতিবেদনে উল্লেখ রয়েছে। আরসা আসলে কার হয়ে কাজ করে তা নিয়েও বিভিন্ন সময় প্রশ্ন উঠেছে। কারণ আরসার হামলার অজুহাতেই বিভিন্ন সময় মিয়ানমার বাহিনী রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে নিজেদের উদ্দেশ্য হাসিল করেছে।