
আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আন্তর্জাতিক আইন ও পরমাণু সমঝোতার সঙ্গে সাংঘর্ষিক বক্তব্য দিয়ে বলেছেন, ইরানের কাছ থেকে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার কেড়ে নিতে হবে। পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়া এবং ইউরোপের পক্ষ থেকে এ সমঝোতা বাস্তবায়ন না করার প্রতিবাদে ইরান সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ নির্ধারিত সীমার চেয়ে বেশি করার ঘোষণা দেয়ার পর পম্পেও এ প্রতিক্রিয়া জানালেন। তিনি গতকাল সোমবার রাতে দাবি করেন, ইরান এ পদক্ষেপের মাধ্যমে পরমাণু সমঝোতা লঙ্ঘন করেছে। কাজেই ইরান যাতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ পুরোপুরি বন্ধ করতে বাধ্য হয় সে ব্যবস্থা নিতে হবে। আমেরিকা যে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে এবং ইউরোপীয় দেশগুলো যে তাদের প্রতিশ্রুতি রক্ষা করছে না সে প্রসঙ্গ এড়িয়ে যান পম্পেও। তিনি বলেন, কোনো ধরনের পরমাণু সমঝোতায় ইরানকে বিন্দুমাত্র ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমতি দেয়া উচিত হবে না। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরান যতদিন আমেরিকার আলোচনার প্রস্তাবে সাড়া না দেবে এবং নিজের পরমাণু কর্মসূচি চালিয়ে যাবে ততদিন ওয়াশিংটন তেহরানের ওপর চাপ প্রয়োগ ও নিষেধাজ্ঞা আরোপ করে যাবে।