News71.com
 International
 04 Jul 19, 07:22 PM
 130           
 0
 04 Jul 19, 07:22 PM

ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা ইরান নিজে নির্ধারণ করবে॥পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ

ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা ইরান নিজে নির্ধারণ করবে॥পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তার দেশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা নিজেই নির্ধারণ করবে। ইরানের পরমাণু তৎপরতা সম্পর্কে মার্কিন কর্মকর্তাদের মন্তব্যের প্রতিক্রিয়ায় এ সতর্কবাণী উচ্চারণ করলেন জারিফ। সম্প্রতি ইরান সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ বাড়ানোর ঘোষণা দেয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও মঙ্গলবার আন্তর্জাতিক আইন ও পরমাণু সমঝোতা লঙ্ঘন করে বলেন, ইরানকে কোনো অবস্থায় ইউনিয়াম সমৃদ্ধ করতে দেয়া হবে না। এর জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জারিফ গতকাল বুধবার সাংবাদিকদের বলেন, ট্রাম্পকে আগে ইরানের বিরুদ্ধে আরোপিত বেআইনি নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। তারপরই ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে তার মুখে কথা শোভা পাবে।


তিনি পরমাণু সমঝোতা বাস্তবায়নের ব্যাপারে ইউরোপীয় দেশগুলোর পক্ষ থেকে ১১টি প্রতিশ্রুতি দেয়ার কথা উল্লেখ করে বলেন, এই ১১টি প্রতিশ্রুতির মধ্যে রয়েছে ইরানের তেল রপ্তানি করার সুযোগ করে দেয়া, তেলের মূল্য ইরানে আনার ব্যবস্থা করা, ইরানে পুঁজি বিনিয়োগ করা, ইরানের সঙ্গে বিমান ও জাহাজ চলাচল স্বাভাবিক করা। মোহাম্মাদ জাওয়াদ জারি বলেন, ইউরোপীয় দেশগুলো ইরানের সঙ্গে আর্থিক লেনদেনের জন্য ইন্‌সটেক্স নামের যে বিশেষ ব্যবস্থা চালু করার দাবি করেছে তাতে ওই ১১ প্রতিশ্রুতির একটিও বাস্তবায়নের সুযোগ নেই। ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইউরোপীয় দেশগুলোকে পরমাণু সমঝোতা মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, ইউরোপীয়রা এ সমঝোতা যতখানি মেনে চলবে তার দেশও ততখানি এটির বাস্তবায়ন করবে।

পাশ্চাত্যের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় ইরানকে সর্বোচ্চ ৩.৬৭ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমতি দেয়া হয়। এ ছাড়া, বলা হয়, ইরান সর্বোচ্চ ৩০০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ করতে পারবে। কিন্তু গত সোমবার ইরান ঘোষণা দিয়ে জানিয়ে দিয়েছে, দেশটি সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ বাড়িয়েছে। এ ছাড়া, তেহরান একথাও ঘোষণা করেছে, আগামী ৮ জুলাইর মধ্যে ইউরোপ তার প্রতিশ্রুতি রক্ষা না করলে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রাও অতিক্রম করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন