
আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন অর্থনৈতিক সন্ত্রাসবাদের মোকাবিলায় পরমাণু সমঝোতার আওতায় যেকোনো আইনসম্মত পদক্ষেপ নেয়ার অধিকার সংরক্ষণ করে তার দেশ। তিনি গতকাল রোববার নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন। পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়া এবং ইউরোপের পক্ষ থেকে এটি বাস্তবায়নে গড়িমসি করার বিষয় উল্লেখ করে জারিফ তার টুইটার বার্তায় বলেন, পরমাণু সমঝোতার ৩৬ নম্বর প্যারাগ্রাফ অনুসরণ করে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে তেহরান কোনো অবস্থায় পরমাণু সমঝোতা লঙ্ঘন করেনি বলে জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি আরো বলেন, তিন ইউরোপীয় দেশ ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি পরমাণু সমঝোতায় দেয়া নিজেদের প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করলে ইরান আবার আগের অবস্থায় ফিরে যাবে।
মোহাম্মাদ জাওয়াদ জারিফ আরেক টুইটার পোস্টে লিখেছেন, ইউরোপীয় ইউনিয়ন ও তিন ইউরোপীয় দেশ যখন পরমাণু সমঝোতায় দেয়া নিজেদের প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয়েছে তখন এ দেশগুলোর উচিত হবে তেহরানের নয়া পদক্ষেপের ব্যাপারে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র সম্ভাব্য বৈঠকে ইরানের প্রতি সমর্থন জানানো। তিনি বলেন, পরমাণু সমঝোতা রক্ষার লক্ষ্যে আমেরিকার আধিপত্যকামী আচরণ প্রতিহত করার পাশাপাশি নিজেদের কঠোর রাজনৈতিক অবস্থান ঘোষণা করা ছাড়া ইউরোপীয়দের সামনে আর কোনো পথ খোলা নেই।