
আন্তর্জাতিক ডেস্কঃ তিব্বতিদের অনুরোধ রাখলো না নেপাল। গত শনিবার ৮৪ তে পা দিয়েছেন তিব্বতীদের ধর্মগুরু দালাইলামা। সেই মাহেন্দ্রক্ষণ উপলক্ষ্যে নেপালের রাজধানী কাঠমান্ডুতে উৎসব পালন করার আর্জি জানিয়েছিলেন তিব্বতীরা। কিন্তু নেপাল সরকার তা বাতিল করে দিয়েছে। নেপাল সরকারের দাবি, ‘এই সুযোগে অনুপ্রবেশকারীরা দেশে সমস্যার সৃষ্টি করতে পারে।’ বলা হচ্ছে, নিরাপত্তার ঘাটতি প্রকাশ্যে আসায় আধ্যাত্মিক গুরু দলাই লামার জন্মদিন পালন করার পরিকল্পনা বন্ধ করে দেয় নেপাল সরকার। গতকাল রবিবার একথা জানান, নেপাল সরকারের এক প্রশাসনিক কর্মকর্তা।অন্যদিকে, নেপাল সরকারের এমন সিদ্ধান্ত উদ্বেগ প্রকাশ করেছে নেপালের তিব্বতী কমিটি।
ভারত ও চীনের মধ্যে থাকা প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত একটি দেশ নেপাল বিশ্বের ১০টি দরিদ্রতম দেশগুলির মধ্যে একটি। দালাইলামাকে বিপজ্জনক এবং বিচ্ছিন্নতাবাদী বলে মনে করে চীন। অন্যদিকে নেপালের নিরাপত্তা রক্ষার্থে সেনা মোতায়েন করে থাকে বেইজিং। চীনা শাসনের বিরুদ্ধে ব্যর্থ বিদ্রোহের পর ১৯৫৯ সালের শুরুতে দালাইলামা ভারতে পালিয়ে যান। কাঠমান্ডুর সহকারী জেলা প্রশাসনিক কর্মকর্তা কৃষ্ণ বাহাদুর কাতুয়াল বলেন, ‘সরকার এই আর্জি বাতিল করেছে। তার কারণ এই সুযোগে বহিরাগতরা দেশে প্রবেশ করতে পারে।’